এ সরকারের মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর: মেনন
বর্তমান মহাজোট সরকারের অধীনেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি গতকাল শনিবার চকরিয়া আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গণে কক্সবাজার জেলা ওয়ার্কার্স পার্টির এক কর্মিসভায় এ কথা বলেন।
মেনন বলেন, বিএনপি-জামায়াত ধর্মের অপপ্রচার করে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চক্রান্ত করছে। এ বিভাজনের উদ্দেশ্য হচ্ছে, যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করা, বিচারের রায় কার্যকর করতে না দেওয়া। কিন্তু সব চড়াই-উতরাই পেরিয়ে এ সরকারের মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবে। কক্সবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বশিরুল আলমের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু হানিফ। এ ছাড়া আরও বক্তব্য দেন আবু তাহের সিকদার, কাইছার আলম, আবুল কালাম, জেপুলিয়ান দত্ত, মনির মোবারক প্রমুখ।