এ সরকারের মেয়াদেই ফোর জি চালু হবে: সজীব ওয়াজেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের মধ্যে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন l প্রথম আলো
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের মধ্যে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন l প্রথম আলো

বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফোরজি প্রযুক্তি চালুর পদক্ষেপ হিসেবে ২০১৬ সালের মধ্যেই ফ্রিকোয়েন্সি (তরঙ্গের কম্পাঙ্ক) নিলাম সম্পন্ন হবে বলে জানান তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেট কম্পিউটার (মিডিয়া প্যাড) বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা থ্রিজি বাস্তবায়ন করেছি। ২০১৫ সালের মধ্যে তা উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। আমি কখনো একটা পর্যায়ে থেমে থাকতে চাই না। আমি একটা টার্গেটে খুশি না। ২০১৬ সালে ফোরজির স্পেকট্রাম বসানো হবে। ১৬ সালেই এর ফ্রিকোয়েন্সির নিলাম সম্পন্ন হবে। এ সরকারের মেয়াদেই তা সব জায়গায় পৌঁছে যাবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্বপ্ন ছিল। সেগুলোর বাস্তবায়ন হচ্ছে। আমারও ব্যক্তিগত একটি স্বপ্ন ছিল। তা হলো ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা। আজ মানুষ সেই সুবিধা পাচ্ছে। দেশের মানুষের উন্নয়নই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। আপনারা জানেন, সবকিছু দুর্নীতি করলেও কম্পিউটার কখনো দুর্নীতি করে না। দেশের প্রতিটি মানুষকে যেন সরকারি সেবা পেতে কষ্ট না হয়, এ জন্যই কাজ করা হচ্ছে। সরকারি সেবা যত ডিজিটালাইজড হবে, দুর্নীতি তত কমে আসবে।’ অনুষ্ঠানে তিনি তাঁর পরিকল্পনায় ভবিষ্যতে ফোরজি, সাইবার নিরাপত্তা ও ইন্টারনেট নিউট্রালিটির ওপর গুরুত্ব দেন।
বক্তব্য দেওয়ার আগে সরকারি কর্মকর্তাদের হাতে ট্যাব তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সজীব ওয়াজেদ। এরপর তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।
পীরগঞ্জে ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, ‘শুধু টুঙ্গিপাড়া ও পীরগঞ্জ নয়, আমরা দেশের জন্য কাজ করতে চাই। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মানুষের জন্য কাজ করতে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।’ এ সময় বিতরণ করা ট্যাবগুলো যথাযথভাবে ব্যবহার করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘কর্মকর্তারা সব সময় যেন সংযুক্ত থাকেন সে জন্যই মিডিয়া প্যাড দেওয়া হচ্ছে। যেকোনো সময় যেকোনো জায়গায় থেকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। এ জন্য ই-সিগনেচারও প্রবর্তন করা হয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পরিচালক সুনীল কান্তি বোস, আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, ইতিমধ্যে সারা দেশে ১৮ হাজার ১৩০টি ট্যাব পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিটি জেলায় ৫৫টি এবং উপজেলা প্রশাসনের অফিসে ৩০টি করে ট্যাব দেওয়া হয়েছে। কর্মকর্তাদের হাতে হুয়াউই ব্র্যান্ডের মিডিয়া প্যাড দেওয়া হচ্ছে। এর পর্দার আকার ১০.১ ইঞ্চি। এটি চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এতে আরও রয়েছে ১.২ গিগাহার্টজ গতির প্রসেসর, এক গিগাবাইট র্যা ম, ৩.১৫ মেগাপিক্সেলের ক্যামেরা।