এঁদো পুকুরে এখন পদ্ম হাসে

ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় সিভিল সার্জনের সরকারি বাসভবনের এঁদো পুকুর এখন পদ্ম ফুলের হাসিতে ভরা। প্রতিদিনই এর সৌন্দর্য উপভোগ করতে আসছে অসংখ্য মানুষ।
ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস বলেন, ‘ছোটবেলা থেকেই ফুল ভালোবাসি। বেশি প্রিয় পদ্ম ফুল। আমার বাড়ি গোপালগঞ্জে। বাড়ির আশপাশে বিশাল জলাশয়ে পদ্ম ফুল ফুটত। সেখান থেকেই এই ফুলের প্রতি আমার ভালোবাসার জন্ম। আমি ফরিদপুরে আসার পর এই পুকুরে পদ্মের গাছ লাগাই। এখনো পুকুরজুড়ে ফুটছে শত শত ফুল। মানুষ তা দেখে আনন্দ পায়, আমারও ভালো লাগে।’
ফরিদপুরের নিসর্গ সংসদের সদস্য মুজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটি একটি অনুকরণীয় উদ্যোগ। আমাদের শহরে পদ্ম ফুল ছিল না। সিভিল সার্জন তাঁর সরকারি বাড়ির পুকুরে পদ্ম ফুলের চাষ করেছেন। আমি আপ্লুত।’
ফরিদপুরের সাংস্কৃতিক কর্মী আলতাফ হোসেন বলেন, ফুলপ্রেমী প্রকৃতিপ্রেমীরা এখানে এসে আনন্দ পাচ্ছে। ভালো চিন্তা থাকলে সমাজের জন্য আরও ভালো কাজ করা যায় তার উদাহরণ এই পদ্মপুকুর।