চাকরি স্থায়ীকরণসহ চার দাবিতে দিনাজপুরে প্রাণিসম্পদ বিভাগের কৃত্রিম প্রজননকারী (এআই) টেকনিশিয়ানরা গতকাল শনিবার অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির দিনাজপুর জেলা কমিটি এসব কর্মসূচির আয়োজন করে।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এক কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মো. হারুন অর-রশিদ, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মো. জিয়াউর রহমান, কাহারোল উপজেলা কমিটির সদস্য কার্তিক চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা চার দফা বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়নে এআই টেকনিশিয়ানের পদ সৃষ্টি করে নিয়োগদান, কৃত্রিম প্রজনন নীতিমালা লঙ্ঘন করে নিযুক্ত বেসরকারি সংস্থাগুলোর কর্মীদের প্রত্যাহার এবং একই ইউনিয়নে একাধিক এআই টেকনিশিয়ান নিয়োগ বন্ধ করা।
সাইফুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ বিভাগ সরকারের গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এই বিভাগের কর্মকর্তাদের নির্দেশে এআই টেকনিশিয়ানরা প্রত্যন্ত গ্রামগঞ্জের গবাদিপশুর তথ্য-উপাত্ত সংগ্রহ করেন ও চিকিৎসার খোঁজখবর নিয়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাঁদের নিয়োগ বা বেতন নেই।
বক্তারা বলেন, টেকনিশিয়ানদের মাসিক ভাতা মাত্র ৫০০ টাকা। অথচ কাজ করতে হয় সারা দিন; এমনকি রাতেও। এটা অমানবিক ও অমর্যাদাশীল। দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩০ জানুয়ারি বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২৭ ফেব্রুয়ারি সহকারী পরিচালক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও ১ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেন বক্তারা।
অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক আশিকা আকবর বলেন, এআই টেকনিশিয়ানরা মাসে ৫০০ টাকা ভাতা পেলেও গ্রামে পশুচিকিৎসার কাজে ব্যবহৃত ওষুধসহ বিভিন্ন সামগ্রী বিনা মূল্যে পান। গ্রামে বিনা টাকায় চিকিৎসাসেবা দেন না। ফলে তাঁদের মাসিক আয় কম হয় না।