এআইআইবির শেয়ার পরিশোধে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের নেতৃত্বে গঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) বাংলাদেশের নির্ধারিত শেয়ারের মূল্য পরিশোধে জাতীয় সংসদে বিল উঠেছে। আজ সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বিল ২০১৬ নামের বিলটি সংসদে উত্থাপন করেন। 

উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা আছে, এআইআইবিতে বাংলাদেশের শেয়ারমূল্য ৬৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, এআইআইবি ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে অবকাঠামো ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে এশিয়ার টেকসই উন্নয়ন, সম্পদ সৃষ্টি, যোগাযোগ খাতের অবকাঠামো উন্নয়নে উৎসাহিত করা, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারত্ব বৃদ্ধি করে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করা।
গত ১৬ জানুয়ারি বেইজিংয়ে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে চীনের নেতৃত্বে নতুন আন্তর্জাতিক ব্যাংক এআইআইবির উদ্বোধন হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওই অনুষ্ঠানে অংশ নেয়। এআইআইবির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ১০০ বিলিয়ন ডলার, পরিশোধিত মূলধন ২০ বিলিয়ন ডলার। সদস্য হতে বাংলাদেশকে দিতে হবে ৬৬ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে পরিশোধিত মূলধন ১৩ কোটি ২১ লাখ ডলার।

রবীন্দ্র ও ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিল: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিল ২০১৬ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বিল ২০১৬ আজ সংসদে উত্থাপিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিল দুটি উত্থাপন করেন। উত্থাপনের পর বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।