ফুল কিনতে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে শাহবাগে এসেছিলেন মো. হোসেন চঞ্চল। বাসায় বলে এসেছিলেন কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। কিন্তু সাড়ে তিন বছরেও তাঁর ফেরা হয়নি। স্বজনেরা জানেন না তিনি কোথায় আছেন। আদৌ বেঁচে আছেন কি না।
পরিবার বলছে, ২০১৩ সালের ২ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ পরিচয়ে শাহবাগ মোড় থেকে চঞ্চল ও তাঁর তিন বন্ধুকে তুলে নেওয়া হয়। চঞ্চলের মতোই ওই বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গুম হন ২০ জন। এঁদের অধিকাংশই বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে আগে বিরোধী দলের আন্দোলন চলার সময় দেশজুড়ে চলমান সহিংস পরিস্থিতিতে বিভিন্ন স্থানে গুমের ঘটনা বেড়ে যায়।
গুমের শিকার ২০ জনের পরিবারের সদস্যরা গতকাল শনিবার সকালে এসেছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে। সেখানে তাঁরা যে মানববন্ধন করেন, তার ব্যানারে লেখা ছিল: ‘মায়ের ডাক—গুম ও খুন আর নয়। ঈদুল ফিতরের আগে গুম হওয়া সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দাও’।
মানববন্ধন শেষে চঞ্চলের স্ত্রী রেশমা আক্তার প্রথম আলোকে বলেন, ঘটনার দিন বেলা দুইটার দিকে বন্ধুদের সঙ্গে শাহবাগে ফুল কিনতে গিয়েছিলেন বংশাল থানা ছাত্রদলের সদস্য চঞ্চল। গোয়েন্দা পুলিশ পরিচয়ে শাহবাগ মোড় থেকে সাদা রঙের মাইক্রোবাসে চঞ্চলকে তুলে নেওয়া হয়। রেশমা জানান, ‘চঞ্চলকে ধরে নিয়ে যাওয়ার সময় একমাত্র ছেলের বয়স ছিল আড়াই বছর। এখন সে প্রতিদিন বাবাকে খোঁজে। বাবা বিদেশ আছে জানিয়ে ছেলেকে ভুলিয়ে রাখি। কিন্তু ছেলে জানতে চায়, সবার বাবা ফোন করে, তার বাবা ফোন করে না কেন? উত্তর দিতে পারি না। অপেক্ষা ছাড়া কিছু করার নেই।’
ছেলে আবদুল কাদের ভূঁইয়ার ছবি হাতে মানববন্ধনে দাঁড়িয়ে ছিলেন মা আয়শা আলী। তিনি প্রথম আলোকে জানান, ২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক থেকে র্যাবের পোশাক পরা লোকজন তাঁর ছেলেকে ধরে নিয়ে যায়। গুম হওয়া আরেকজন সাজেদুল ইসলামের বোন মারুফা ইসলাম বলেন, ‘আমার ভাই বিএনপির সমর্থক ছিল। আমার ভাই তো চুরি-ডাকাতি-ছিনতাই করে নাই। আমার ভাই তো সন্ত্রাসী না। র্যাব এসে আমার ভাইকে ধরে নিয়ে গেল। এরপর আর সন্ধান নাই। আমি আমার ভাইয়ের সন্ধান চাই।’
সাজেদুল ইসলাম নিখোঁজ হওয়ার এক সপ্তাহের মাথায় পল্লবীর একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজাকে। সেলিমের ভাই ইসমাইল রেজা প্রথম আলোকে বলেন, পল্লবীতে মেজ ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন সেলিম। রাত সোয়া একটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পল্লবী থানায় জিডি করা হয়েছে। কিন্তু সেলিমের সন্ধান মেলেনি।
মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি সরকারের কাছে অনুরোধ করব না। কারণ, সরকারের কাছে অনুরোধ বহু করেছেন উনারা (স্বজনেরা)। তিন বছর আগে প্রেসক্লাবে এক বক্তৃতায় এক মায়ের কান্নায় সমস্ত হলের লোকজন এক সাথে কেঁদেছিল। কিন্তু সেই কান্নার শব্দ, সেই কান্নার কারণে চোখে জমে থাকা পানি, পড়তে থাকা পানি আমাদের প্রধানমন্ত্রীর কাছে যায় না।’
মানববন্ধনে মানবাধিকারকর্মী নূর খান বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিভিন্ন জনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মাঝেমধ্যে তাঁদের লাশ পাওয়া যাচ্ছে। কেউ কেউ কয়েক মাস বা বছর পরে ফিরেও আসছেন। যাঁরা ফিরে আসছেন, তাঁরা বীভৎস নির্যাতনের ব্যাপারে মুখ খুলছেন না। দু–একজন মুখ খুললে যে তথ্য পাওয়া যাচ্ছে তা স্বাধীন দেশে কাম্য হতে পারে না।