বাংলাদেশ নাগরিকত্ব আইন নিয়ে খুলনায় বিএনপির গোলটেবিল বৈঠক
এই আইন পাস হলে মানুষ নাগরিক অধিকার হারাবে
নাগরিকত্ব আইন ২০১৬ পাস হলে বাংলাদেশের নাগরিকদের অধিকার ক্ষুণ্ন হবে। মানুষ সাংবিধানিক অধিকার হারানোর পাশাপাশি রাষ্ট্রহীন হয়ে পড়বে। প্রবাসী বাংলাদেশিরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হবেন। একই সঙ্গে প্রবাসে বসবাসরত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশের নাগরিকত্ব অর্জনের পথ রুদ্ধ করে দেওয়া হবে।
গতকাল শনিবার খুলনায় ‘নাগরিক আইন খসড়া-২০১৬ ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিএনপির নেতারা এসব কথা বলেন। নগরের একটি অভিজাত হোটেলে ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে জানানো হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬’-এর খসড়া মন্ত্রিপরিষদে অনুমোদন পায়। প্রস্তাবিত এ আইন হলো কোনো ব্যক্তির বাংলাদেশের নাগরিকত্ব লাভ, নাগরিকত্ব পেতে যোগ্যতা, অযোগ্যতা, নাগরিকত্ব বাতিল ও তা নিয়ন্ত্রণের জন্য প্রথমবারের মতো প্রণীত পূর্ণাঙ্গ আইন। ইতিপূর্বে বাংলাদেশে নাগরিকত্ব-বিষয়ক বিধিবিধান নিয়ন্ত্রিত হতো দ্য সিটিজেনশিপ অ্যাক্ট ১৯৫১ এবং দ্য বাংলাদেশ সিটিজেনশিপ টেম্পোরারি প্রভিশন্স অর্ডার-১৯৭২-এর মাধ্যমে। প্রস্তাবিত আইনটি বাংলাদেশ নাগরিকত্ব অধ্যাদেশ, ১৯৭২ এবং আইন কমিশনের ২০০৫ ও ২০১২ সালের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। এ আইনে ছয়টি অধ্যায় ও ২৮টি ধারা রয়েছে। খসড়া আইনটি এখনো জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হয়নি।
গোলটেবিলে মুখ্য আলোচক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে অনিশ্চয়তার মাঝে ঠেলে দিয়ে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তারা মানুষের অধিকার ছিনিয়ে নিতে চায়। এ বিষয়টি দেশের প্রতিটি মানুষকে বোঝাতে হবে। সরকারের এই নীতির প্রতিবাদ করতে হবে।
বৈঠকে অন্য বক্তারা বলেন, কাউকে কাউকে টার্গেট করে নাগরিকত্ব আইন পাস করতে চাচ্ছে সরকার। এতে নাগরিকত্ব হারানোর ভয়ে মানুষ বিদেশবিমুখ হবে। ফলে দেশ বঞ্চিত হবে বিপুল পরিমাণ বিদেশিক মুদ্রা অর্জন থেকে। এটিকে কালো আইন হিসেবে আখ্যা দিয়ে বক্তারা আরও বলেন, নাগরিকদের অধিকার আদায় করতে হলে প্রয়োজনে জনমত গঠনের মধ্য দিয়ে আন্দোলনে যেতে হবে।
খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বোরহান উদ্দিন। বৈঠকে প্যানেল আলোচক ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দীন খোকন, খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।