এই আমাদের ট্রেন!

ছোট্ট মেয়েকে নিয়ে ঈদ করতে ট্রেনে করে খুলনা যাবেন টুটুল। এ কারণে আজ শুক্রবার রাজধানীর রামপুরা থেকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান ভোর পাঁচটায়। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় সকাল ছয়টা ২০ মিনিটে। কিন্তু তিনি স্টেশনে গিয়ে শোনেন ট্রেন ছাড়বে সাতটায়।
ছোট্ট মেয়েকে নিয়ে প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অধীর অপেক্ষা করতে করতে সকাল নয়টায় স্টেশনে পৌঁছায় ট্রেনটি। কিন্তু হাতে টিকিট থাকলেও মেয়েকে নিয়ে ট্রেনে উঠতে পারেননি তিনি। তাঁর সিট আগেই দখল করে রেখেছে অন্য মানুষ। মেয়েকে নিয়ে কীভাবে ট্রেনে উঠে বসবেন তা বুঝতে পারছেন না তিনি।
ক্ষুব্ধ টুটুল প্রথম আলোকে বলেন, ‘এই আমাদের ট্রেন! টাইমের কোনো ঠিক নেই। ব্যবস্থাপনার কোনো বালাই নেই।’
কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস শুধু দেরি করছে তা নয়। বরং নীলসাগর এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেনও স্টেশনে পৌঁছাতেই দেরি করছে। রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা। অথচ নয়টা ২৫ মিনিটের দিকেও ট্রেনটি স্টেশনে পৌঁছায়নি। রেলস্টেশন কর্তৃপক্ষ এই ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় দিয়েছে সকাল ১০টা ১০ মিনিটে। নীলসাগর এক্সপ্রেস সকাল আটটায় ছাড়ার কথা থাকলেও তা এখনো স্টেশনে এসে পৌঁছায়নি।

নীলসাগর এক্সপ্রেসের অপেক্ষায় রহিমা বেগম নামের এক নারী প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। তাঁর কোলে ছোট্ট মেয়ে নূরে জান্নাত। রহিমা বলেন, ‘আর কত কষ্ট করতে হবে, জানি না।’
আলম নামের এক যাত্রী ট্রেনে খুলনায় যাবেন। সঙ্গে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা। সকাল সকাল ছয়টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নয়টায় স্টেশনে এসে পৌঁছেছে। তবে স্ত্রী নাজমাকে এখনো ট্রেনে তুলতে পারেননি তিনি। এত ভিড়ে কীভাবে তাঁকে ট্রেনে তুলবেন তা নিয়ে চরম উদ্বিগ্ন আলম।
নাজমা বলেন, ‘হাজারো মানুষের ভিড়ে কীভাবে আমি এই অবস্থায় ট্রেনে উঠব, জানি না।’
কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, আজ সকাল থেকেই স্টেশনে ঘরমুখী হাজারো মানুষের স্রোত নেমেছে। ট্রেনের ছাদেও যেন মানুষের ভিড়ে আর তিল ধারণের ঠাঁই নেই। বাড়ি ফেরার আনন্দে ছোট শিশু নিয়ে নারীরাও ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে উঠে পড়েছেন।
ট্রেনের যাত্রীদের অভিযোগ, রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেক কষ্টে তাঁরা টিকিট কেটেছেন। কিন্তু যাঁদের টিকিট আছে তাঁরাই আজ ট্রেনে উঠতে পারছেন না।
ট্রেন বিলম্বের কারণ জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সুন্দরবন এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনে বিলম্ব হচ্ছে। ট্রেনের সময়সূচি ঠিক রাখতে চেষ্টা করা হবে।