এই আমাদের ঢাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদ ঝলমলে সকাল। মিরপুরের প্রগতি সরণি রোজকার মতোই ব্যতিব্যস্ত যানবাহন আর পথচারীর যাতায়াতে। শেওড়াপাড়া এলাকায় পথের মাঝখানে পড়ে আছেন মাঝ বয়সী এক মানুষ। যানবাহনগুলো তাঁকে এড়িয়ে ছুটে যাচ্ছে। পথচারীদের কেউ অতিমাত্রায় কৌতূহলী হলে একনজর তাকিয়ে দেখছেন বটে, তবে ওটুকুই। মানুষটি জীবিত কী মৃত, কাছে গিয়ে তা দেখার গরজ করছেন না কেউ। মিরপুর ইউনিভার্সিটি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র মুস্তাক আহমদ তাঁর মামাতো বোন মাহমুদা আক্তারকে নিয়ে গিয়েছিলেন চাকরির নিয়োগ পরীক্ষা দিতে। রিকশায় করে ফিরছিলেন তাঁরা। দৃশ্যটি চোখে পড়ল তাঁদেরও। তবে অন্যদের মতো ঝামেলা মনে করে মুখ ফিরিয়ে চলে না গিয়ে এলেন লোকটির কাছে। কাছে গিয়ে দেখলেন, লোকটির শ্বাস-প্রশ্বাস চলছে, তবে সংজ্ঞা নেই। কান ও নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তাঁরা দুজনে চিৎকার দিয়ে লোক ডাকলেন। মাহমুদার কাছে পানির বোতল ছিল। পানির ঝাপটা দিলেন লোকটির চোখ-মুখে। কিন্তু চেতনা ফিরছিল না। তাঁদের হাঁকডাকে এবার আশপাশের কয়েকজন এগিয়ে এলেন।মুস্তাক-মাহমুদা চেষ্টা করছিলেন দ্রুত লোকটিকে হাসপাতালে নিতে। তেমন কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। এক-দুটি খালি সিএনজি স্কুটার পাওয়া গেলেও চালকেরা রাজি নয়। প্রায় জোর করেই একটি ট্যাক্সিক্যাব থামিয়ে সংজ্ঞাহীন লোকটিকে নিয়ে রওনা দেন মিরপুর ১০ ও শেওড়াপাড়ার মাঝামাঝি আল-হেলাল স্পেশালাইজড হাসপাতালের দিকে।পথে মুস্তাক লোকটির পকেট থেকে সেলফোন ও পরিচয়পত্র বের করে নিয়ে ফোনবুক থেকে নম্বরগুলোতে ফোন করে বিষয়টি জানাতে থাকেন। পরিচয়পত্রে নাম ‘ডা. খালেদ শামসুল ইসলাম’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপসচিব। একপর্যায়ে ফোনবুকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নম্বরও পান তাঁরা। তাঁকে জানান, খালেদ শামসুল ইসলামকে আল-হেলাল হাসপাতালে নেওয়া হচ্ছে। জ্যাম ঠেলে প্রায় আধাঘণ্টা পর তাঁরা আল-হেলাল হাসপাতালে আসেন। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। অ্যাম্বুলেন্স জোগাড় করে তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা দেন। এর মধ্যে আরও অনেকের সঙ্গে তাঁরা ফোনে যোগাযোগ করেন। ফলে ঢাকা মেডিকেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা ছিল। বেলা প্রায় দেড়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর তাঁরা খালেদ ও তাঁর ফোন ইত্যাদি স্বজন-সুহূদদের কাছে তুলে দেন।মুস্তাক এ ঘটনার পুরো বিবরণ দিয়েছেন প্রথম আলোকে। তিনি মনে করেন, কোনো মোটরযানের ধাক্কায় হয়তো খালেদ আহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, খালেদ শামসুল ইসলামের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়।