
আমরা ছোটবেলায় মুরব্বিদের কাছে শুনেছি, মানুষের মুখ দিয়ে শত্রু হয়, বন্ধুও বানানো যায়। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে টেলিফোনে কথোপকথন নিয়ে এ পর্যন্ত যা জেনেছি, তাতে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে স্বপ্নেও ভাবতে পারছি না। বরং তাঁদের কথোপকথনে ভাষার ব্যবহার ও আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিটি মানুষেরই মত প্রকাশের স্বাধীনতা আছে। তবে তাঁরা খুব তীক্ষভাবে একে অন্যের প্রতি নিজের মত প্রকাশ করেছেন বলে মনে হচ্ছে। যে সমঝোতার আশা নিয়ে গোটা জাতি তাঁদের দিকে তাকিয়ে আছে, এই আলোচনার মাধ্যমে তেমন কিছু নাও হতে পারে।
আমার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই কথোপকথন থেকে আমাদের নতুন প্রজন্ম কী শিখবে? যাঁরা আমাদের সামাজিক-সাংস্কৃতিক ‘রোল মডেল’, তাঁদের মধ্যে ভাষার আদান-প্রদান দেখে নতুন প্রজন্ম হোঁচট খাবে। রাজনৈতিক সংকট হয়তো একদিন কাটবে, কিন্তু নতুন প্রজন্মের মনে এর সুদূরপ্রসারী প্রভাব থেকে যাবে। আমার ভয় হচ্ছে, এবার যাঁরা নতুন ভোটার হয়েছেন, তাঁরা না আমাদের রাজনৈতিক নেতৃত্ব থেকে মুখ ঘুরিয়ে নেন।
দুই নেত্রী আদর্শগত ও ধ্যানধারণাগত বিরোধ প্রকাশ করলেও আমি নিরাশ হতে রাজি নই। এই দুই নেত্রীই এক হয়ে স্বৈরশাসনবিরোধী সংগ্রাম করেছেন। দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁরা দুজন একমত হতে পারলে এ দেশের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না।
এত উচ্চপর্যায়ের কথোপকথন প্রকাশ করা ঠিক হয়েছে কি না এ নিয়ে অনেক তর্ক-বিতর্ক হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ রুদ্ধশ্বাসে তাঁদের দিকে তাকিয়ে আছে। কী কথা হলো তা জানার অধিকারও নিশ্চয়ই মানুষের আছে।
রাশেদা কে চৌধুরী
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা