এই একাডেমি জাতিসত্তার মিলিত স্বপ্নের পরিণাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র সরকার
পবিত্র সরকার

‘বাঙালির আত্মপ্রতিষ্ঠার স্বপ্নের রূপ বলেই বাংলা একাডেমি অন্য সব একাডেমি থেকে স্বতন্ত্র, অন্য কোনো একাডেমির মতো বিদ্যাগত সিদ্ধান্তের ফলও নয়। এই একাডেমি জায়মান একটি জাতিসত্তার মিলিত স্বপ্নের পরিণাম।’ বাংলা একাডেমির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে একাডেমির রবীন্দ্র চত্বরে এক বক্তৃতায় এ কথা বলেন পবিত্র সরকার।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার তাঁর বক্তৃতায় এ প্রতিষ্ঠানের উৎকর্ষ সাধনে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন। এগুলোর কয়েকটি হলো দেশের প্রধান প্রধান লেখক-কবিদের ভিডিও সাক্ষাৎকার ও আবৃত্তির সিডি তৈরি, বাংলা সাহিত্য-সংক্রান্ত ‘নলেজ ব্যাংক’ তৈরি, দেশের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের অনুবাদের একটি ‘সেল’ যুক্ত এবং বাংলা একাডেমিতে বড় ডিজিটাল তথ্য বিভাগ তৈরি।
বক্তৃতায় পবিত্র সরকার আরও বলেন, ‘যত দূর জানি, এমনিতেই বাংলা একাডেমির গ্রন্থাগার বেশ সমৃদ্ধ। এটিকে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় গ্রন্থাগার হিসেবে যাতে গড়ে তোলা যায়, সেই দিকে লক্ষ রেখে এগোতে হবে।..অন্তত সমস্ত গ্রহণযোগ্য সাহিত্যগ্রন্থ আর সাহিত্যবিষয়ক গ্রন্থ যাতে বাংলা একাডেমির গ্রন্থাগারে সংগৃহীত হতে পারে, সে বিষয়ে একাডেমির নিজের উদ্যোগের সঙ্গে সরকারের সদিচ্ছা মিলিত হওয়া দরকার।’ পবিত্র সরকার বলেন, পৃথিবীর আর কোনো দেশের একাডেমির পেছনে ভাষাশহীদদের রক্তদানের ইতিহাস নেই। ওই আত্মদানের ভিত থেকে বাঙালির জাতিসত্তা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সে যেসব স্বপ্ন দেখেছিল, তারই একটি মূর্ত রূপ হলো বাংলা একাডেমি, যা পাকিস্তানি শাসকেরা স্বীকার করতে বাধ্য হয়। আর একটি স্বপ্ন এক স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাভাষী রাষ্ট্র প্রতিষ্ঠার, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃপ্ত নেতৃত্বে পরে বাস্তব হয়েছে।
সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলা একাডেমির আরেকটি উদ্যোগ হওয়া উচিত পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি বা এ ধরনের যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো। অনেকগুলো ক্ষেত্র আছে, যেখানে একযোগে কাজ করলে বাংলাভাষী সমাজ উপকৃত হতে পারে।’
স্বাগত ভাষণে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বাংলা একাডেমি, বাংলাদেশ আন্দোলন এবং বাংলাদেশের মুক্তির সংগ্রাম সাংস্কৃতিক অধিকার, সাহিত্যের বিকাশ—সব বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলা একাডেমি বাংলা সাহিত্যের একটি সামগ্রিক ইতিহাস রচনার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে বলেও জানান তিনি।
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।