যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে বিএনপি-জামায়াত নৈরাজ্য চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। এই কঠিন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ১৪ দল এই সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। গণমিছিল-পূর্ব সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী জামায়াত-শিবিরের উদ্দেশে বলেন, ‘পুলিশের ওপর আক্রমণ করবেন না। হিম্মত থাকলে প্রকাশ্যে আসুন। আপনাদের আমরা একাত্তরে একবার পরাজিত করেছি। একাত্তরের পরাজিত শক্তিকে শাস্তি দিতে বাংলার জনগণ এখনো প্রস্তুত আছে।’মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার বানচাল করতেই বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করছে। দেশের এই কঠিন সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন বলেন, ‘বেগম জিয়া জামায়াতকে নিয়ে ১৮ দল করেন। আবার জামায়াতকে মুক্তিযোদ্ধাদের পাশে বসতে দেন না। এই দ্বৈতনীতি গ্রহণ করে তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণা করছেন আবার জামায়াতের সঙ্গেও প্রতারণা করছেন।’কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিলে ১৪ দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। গণমিছিল নগরের শহীদ মিনার থেকে সিনেমা প্যালেস, কেসিদে রোড, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান, আসকার দীঘিরপাড়, কাজীর দেউড়ি মোড় হয়ে আউটার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীসহ ১৪ দলের জ্যেষ্ঠ নেতারা গণমিছিলে নেতৃত্ব দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, ন্যাপের নেতা গাজী আলমগীর কবির, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন আহমদ ও গণতন্ত্রী পার্টির নেতা স্বপন সেন। ছাত্রলীগের বিশৃঙ্খলা: নগরের শহীদ মিনারে সমাবেশ চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে।