এই ঘটনাকে সহজভাবে নিইনি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনার তদন্তে সব বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে তিনি বলেন, ‘এই ঘটনাকে আমরা সহজভাবে নিইনি। আমি এই ঘটনার জন্য একটা বিশেষ তদন্ত টিম করে দিয়েছি। প্রায় সকল বাহিনীকে নিয়ে এই বিশেষ টিম করা হয়েছে।’
গতকাল সংসদে গুলশান, শোলাকিয়া, সৌদি আরবের মদিনা, ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলা এবং বিশ্বব্যাপী সংঘটিত জঙ্গি হামলার ঘটনায় নিন্দা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। তাঁর বক্তব্যের পর নিন্দা প্রস্তাবটি সর্বসম্মতক্রমে সংসদে গৃহীত হয়। নিন্দা প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য সন্ত্রাসের মূল উৎপাটন করা। সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে হবে। এরা কোথা থেকে মদদ পাচ্ছে? কোথা থেকে এদের অর্থ ও অস্ত্র আসছে? কারা এদের পরামর্শ দিচ্ছে? সবকিছু খুঁজে বের করার পদক্ষেপ নিচ্ছি।’
গুলশানের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। কিন্তু এদের সাথি আরও ছিল। ওই অঞ্চলের সব ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। আজকেও আমি কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছি। আমরা ওদের গতিবিধি পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে আমরা অনেক তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সব প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’
প্রধানমন্ত্রী এ সময় সব সাংসদকে নিজ নিজ এলাকায় যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘দলমত সকলকে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে উপজেলা-জেলা পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি করে জনমত সৃষ্টির পদক্ষেপ আমরা নিয়েছি। এতে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। সারা বিশ্বে এই সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা ও জনমত সৃষ্টি হয়েছে। এটাই সবাইকে সামনে চলার পথ দেখাবে। মানবতারই জয় হবে আর যারা অমানবিক কাজ করে তাদের পরাজয় হবে।’
আলোচনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, এক দিনে এ ঘটনা ঘটেনি। অনেক দিনের পুঞ্জিভূত সমস্যা মিলে এই ঘটনা। তিনি আরও বলেন, ‘কর্মসংস্থান না থাকা লোকেরাই তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। ছয় লাখ লোকের কর্মসংস্থান করেছেন। এগুলো সরকারি দলের লোকেরা পেয়েছে। জনগণ তো পায়নি।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে কী পড়াশোনা হচ্ছে খোঁজ নিতে হবে। একটা শিক্ষিত ছেলে জাস্ট একটা টাইম বোমা।’
নিন্দা প্রস্তাবে শেখ সেলিম বলেন, ‘যখন গুলশানে ঘটনা ঘটেছিল তখন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে অনেকের সঙ্গে এবং দেশে তার এক কাজের লোকের সঙ্গে যোগাযোগ করেছে। হামলার পর খালেদা জিয়া বলেছে সরকার ব্যর্থ হয়েছে। তিনি জঙ্গিদের আড়াল করতে এটা বলেছে কি না, পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত কি না তা খুঁজে দেখতে আমি আইন প্রয়োগকারী সংস্থাকে বলব।’
আলোচনায় আরও অংশ নেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সুরঞ্জিত সেনগুপ্ত, ফারুক খান, দীপু মনি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মঈন উদ্দীন খান বাদল, আবদুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল মান্নান, হাছান মাহমুদ, শহীদুজ্জামান সরকার, আবুল কালাম আজাদ, কাজী ফিরোজ রশীদ প্রমুখ।