এই চিকিৎসকেরা তাঁদের কাজ করে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

টাঙ্গাইল থেকে ১৩ বছরের ছোট্ট এক মেয়ে সপ্তাহ দুয়েক আগে ভর্তি হয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে। মেয়েটির মস্তিষ্কে সংক্রমণ ছিল। গায়ে বেশ জ্বর ছিল। তাই ভর্তির পর করোনা পরীক্ষা পড়ানো হয় ২৭ এপ্রিল। পরদিন আরেকটি করোনা পরীক্ষা করানো হয়। সেদিন রাতে মেয়েটির শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। এরপর মেয়েটির করোনা টেস্টের প্রথম রিপোর্ট নেগেটিভ আসে। এই প্রতিবেদন পেয়ে ২৯ এপ্রিল বুধবার সকালে মেয়েটির মস্তিষ্কে অস্ত্রোপচার করানো হয়। প্রায় তিন ঘণ্টা অস্ত্রোপচার চলে। পাঁচজন চিকিৎসক অপারেশন থিয়েটারে ছিলেন।

অস্ত্রোপচারের সময় মেয়েটির মাথা থেকে পুঁজ বের করা হয়। পরে তাকে বেডে স্থানান্তর করা হয়। পুরো প্রক্রিয়ার সঙ্গে ছিলেন ২৬ জন। ১ মে মেয়েটির করোনা টেস্টের দ্বিতীয় রিপোর্ট আসে পজিটিভ। এরপরই নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচার প্রক্রিয়ায় থাকা ২৬ জন আইসোলেশনে চলে যান। অন্যদিকে মেয়েটিকে শুক্রবার রাতেই মুগদা সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ৪ মে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসকসহ ২৬ জনের করোনা পরীক্ষা করানো হয়। সন্ধ্যায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এঁদের মধ্যে এক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তিনিসহ বাকি সবাই সুস্থ রয়েছেন।

মেয়েটির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আক্রান্ত চিকিৎসক সবাই মুগদা হাসপাতালে ভর্তি সেই কিশোরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দিচ্ছেন।

এক মাস পর মেয়েটিকে আবারও নিউরোসায়েন্স হাসপাতালে আসতে হবে ফলোআপ চিকিৎসার জন্য বলে জানান করোনায় আক্রান্ত এক চিকিৎসক। আজ বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, আজ তাঁরা মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেনেছেন, আক্রান্ত মেয়েটি করোনা থেকে বেশ সুস্থ হয়ে উঠেছে। আর দুই দিন পর তার আরেকটি করোনা টেস্ট হবে। রিপোর্ট নেগেটিভ হলে মেয়েটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।