এই জয় জয় না, আরও জয় আছে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যতই জয়লাভ করছে, ততই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে হারছে বিএনপি। মনে রাখতে হবে, এই জয় জয় না, আরও জয় আছে। এ নির্বাচনই প্রমাণ করেছে, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন আর বাধা নয়।’

আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারে আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে খালেদা জিয়াও যাননি, শেখ হাসিনাও যাননি। সেখানে নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে কেউ নির্বাচন করেননি। মানুষ স্থানীয় প্রতিনিধিকে বিবেচনা করে ভোট দিয়েছে। সেখানে দল নয়, ব্যক্তি পরাজিত হয়েছেন।’

এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সাংসদ তারানা হালিমকে হত্যার হুমকির ঘটনায় তিনি নিন্দা জানান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।