

হসপিটালিটি বক্সের টিকিট পেয়েও পাঁচজনের দলটির মন ভরছে না। গাড়িতে বসে উসখুস করছেন সবাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান খেলার দিন মিরপুর স্টেডিয়ামের একটু সামনে গাড়িতে বসে সবাই চুপচাপ। শেষে একজন বলেই ফেললেন, ‘নাহ! “ফিল” পাচ্ছি না।’ কেন? তাড়াহুড়ায় লাল-সবুজ জার্সি কেনার সময়ই তো পাওয়া যায়নি। গাড়ির দরজা খুলে নেমেই পড়লেন সবাই। ফুটপাথ ধরে শুরু হলো জার্সির খোঁজ। শেষমেশ এক হকারের কাগজের বাক্স হাতড়ে অনেক খুঁজে পাওয়া গেল মাপমতো সবার জার্সি। স্টেডিয়াম পর্যন্ত হেঁটে যেতে যেতে কেনা হলো ব্যান্ডানা, পোস্টার আরও কত কী। গ্যালারিতে ঢুকে জার্সিপরে তারপরই শান্তি। আর প্রথম বলেই যখন উইকেট ফেলে দিলেন মাশরাফি বিন মুর্তজা, তখন আর ‘ফিল’ আসতে বাকি থাকে! পুরো টুর্নামেন্টই পার করে দেওয়া যাবে তা দিয়ে।

খেলা দেখার টিকিট জোগাড় তো এক মহাযজ্ঞই। কতজনের কাছে ধরনা দিয়ে তবেই পাওয়া যাচ্ছে সোনার হরিণ টিকিট। তারপর খেলা দেখতে গেলেই তো চলবে না, ব্যাপক প্রস্তুতি চাই। মারুফা, রিমু, মনীশ, দেবদের দলটার কথাই ধরুন। মুখে-হাতে লাল-সবুজ পতাকা আঁকতে হবে; আঁকিয়ে বন্ধু জান্নাতিকে সঙ্গে করে নিয়ে গেলেন তাঁরা। পছন্দমতো নকশা আঁকার জন্য পছন্দের শিল্পীকেও চাই যে।
স্টেডিয়ামে এই যে উন্মাদনা, এ তো বাংলাদেশের জন্যই। দেশটাকে বুকের ভেতর ধারণ করেই তো সবাই বাইরের চেহারাটাকে সাজিয়ে নিচ্ছেন পতাকা, ব্যান্ডানা, মুখচিত্র বা জার্সি গায়ে জড়িয়ে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আফ্রিদির ক্যাচটা যখন ফসকে যায় মুশফিকের হাত, তখন কান্না চেপে রাখা মুশকিলই। টিভির পর্দায় সবাই তো দেখেছেন সেই তরুণীদের।

আবার খুশির মুহূর্তও তো কম উপহার দেয়নি আমাদের দল। সেইসব সময়ে নেচে-গেয়ে, স্লোগান দিয়ে উদ্যাপনটাও হয়েছে দেখার মতোই। সারা শরীরে বাঘের চামড়ার নকশা আর বুকে লাল-সবুজ পতাকা-মিলনের তো নামই হয়ে গেছে টাইগার মিলন। বাংলাদেশের খেলা মানেই তাঁকে দেখা যাবে গ্যালারিতে।
বারবার বাংলাদেশে এসে বিদেশি খেলোয়াড়েরা প্রশংসা করেন এই দর্শকদের, ‘অ্যামেজিং ক্রাউড, ওয়ান্ডারফুল এনার্জি’ হার-জিৎ যা-ই হোক, খেলায় এই শব্দগুলো বলেনই তাঁরা। ম্যান অব দ্য ম্যাচের ট্রফি হাতে নিয়ে দর্শকদের ধন্যবাদ জানাতে ভুল হয় না সাকিব-আল হাসানের। মুশফিকের প্রেরণাও দর্শকেরা, ম্যাচশেষে জানিয়ে দেন তিনি।
এই দর্শকেরাই তো বাংলাদেশ। গোটা গ্যালারি যেন দেশটারই এক টুকরো ছবি। মাঠে এমনই উন্মাদনা ছড়াক বাংলাদেশের ক্রিকেটাররা। আর গ্যালারি মাতানোর জন্য তো বাংলাদেশের দর্শকদের বলতে হয়নি কোনো দিনই।