এই ত্রাণ বিতরণ কি পরিত্রাণ দেবে

প্রতিদিন খবরের কাগজ খুললে কিংবা অনলাইন পোর্টাল অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ আটকে যায় দেশের আনাচকানাচে খাদ্যসামগ্রী বিতরণের খবর ও ছবিতে। মন আনন্দে ভরে ওঠে আমরা মানবিক হতে পেরেছি দেখে। সরকারের পাশাপাশি প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগেও খাদ্যসামগ্রী বিতরিত হচ্ছে প্রতিদিন।
এসব খাদ্য বিতরণের খবর আমাদের সাহস জোগায়, স্বপ্ন দেখায়। কিন্তু এই সাহসের নামে দুঃসাহস যেন দুঃস্বপ্ন ডেকে না আনে। কয়েক দিন ধরেই একটি শব্দ নিয়ে খুব বিতর্ক হচ্ছে, আর তা হচ্ছে সামাজিক দূরত্ব নাকি শারীরিক দূরত্ব?
সামাজিক দূরত্ব হোক কিংবা শারীরিক দূরত্ব, মূলত করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে ঘরের বাইরে একজন থেকে অন্যজন নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। সারা বিশ্বে যখন এই অবস্থানকে নিশ্চিত করার জন্য চলছে লকডাউন, আমাদের দেশেও এই সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে, দেওয়া হয়েছে সাধারণ ছুটি, রাস্তায় নামানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। কিন্তু মানবিক নামের এসব অমানবিক কার্যক্রম যে অব্যাহত রয়েছে, তা খাদ্যসামগ্রী বিতরণের ছবি দেখলেই বোঝা যায়। গাদাগাদি হয়ে কয়েকজন মিলে হাসিমুখে যখন একজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে ক্যামেরায় পোজ দেন, তখন এসব ব্যক্তি ভুলে যান সামাজিক দূরত্বের কথা। আর এসব খাদ্যসামগ্রী বিতরণের খবর যখন গরিব, অসহায়-দুস্থ মানুষের কাছে পৌঁছায়, তখন আর তারা ঘরে থাকছে না। খাদ্যসামগ্রীর আশায় বেরিয়ে আসছে ঘর থেকে। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এই খাদ্যসামগ্রী বিতরণ কি আমাদের পরিত্রাণ দেবে?
যেসব মানবিক ব্যক্তি ও সংগঠন কিংবা প্রশাসন অথবা সরকারিভাবে যাঁরা সাহায্য, সহযোগিতা অথবা খাদ্যসামগ্রী বিতরণ করছেন, তাঁদের কাছে অনুরোধ, সবচেয়ে ভালো হয় যদি এসব খাদ্যসামগ্রী অসহায়-দুস্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় অথবা অন্তত সামাজিক দূরত্বের নির্দেশনা পালন করা হয়। দেশ ও জাতি মানবিক মানুষদের কাছে এতটুকু আশা করতেই পারে।