এই দৃশ্য কেমনে ভুলবেন হান্নান!

যাত্রীর খোঁজে চট্টগ্রাম পলিটেকনিক মোড়ে যাচ্ছিলেন রিকশাচালক মো. হান্নান (৪৫)। সেখানে পৌঁছানোর আগেই কুয়াশা আর রাতের অন্ধকার ভেদ করে তাঁর চোখে পড়ল আগুন। একটু কাছে গিয়ে দেখলেন, একটি লেগুনা দাউ দাউ করে জ্বলছে। বুকটা ছ্যাঁৎ করে ওঠে হান্নানের। দুপুরে তাঁর দুই ছেলেও তো লেগুনা নিয়ে বের হয়েছে! তাড়াতাড়ি প্যাডেল চালিয়ে কাছে গিয়ে যা দেখলেন তা তাঁর দুঃস্বপ্নেরও অতীত। পা থেকে মাথা পর্যন্ত আগুনে পোড়া শরীর নিয়ে পড়ে আছে বড় ছেলে মিতুল (২২)। পাশেই আহাজারি করছে ছোট ছেলে নাহিদ (১৪)।
গত সোমবার রাতে চট্টগ্রাম নগরে এ ঘটনা ঘটে। অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে টেম্পোচালক (লেগুনা) মো. মিতুলের। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র্রে (আইসিও) তাঁকে রাখা হয়েছে।
দারিদ্র্যের কশাঘাত আর নিষ্ঠুর নিয়তির শিকার হান্নানের সান্ত্বনা একটাই, কপালগুণে অক্ষত আছে ছোট ছেলে নাহিদ। ঘটনার প্রত্যক্ষদর্শী নাহিদ জানায়, যাত্রী ওঠানোর জন্য রাত সাড়ে নয়টায় পলিটেকনিক মোড়ে লেগুনা থামানো হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই লেগুনার সামনে একটি বোতল ছুড়ে মারে দুর্বৃত্তরা। মুহূর্তেই মিতুলের শরীরে আগুন ধরে যায়।
মো. হান্নান জানান, তাঁর দুই ছেলে ভাড়ায় লেগুনাটি চালাত। বড় ছেলে মিতুলের সহকারী হিসেবে কাজ করত তাঁর ছোট ছেলে। তিনি জানান, হরতাল-অবরোধের কারণে টানা ২১ দিন টেম্পো নিয়ে বের হয়নি তাঁর ছেলেরা। কিন্তু অভাবের কারণে সোমবার দুপুরে সাহস করে বের হয় মিতুল ও নাহিদ। কিন্তু সে সাহসই বিপদ ডেকে এনেছে তাঁদের পরিবারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ জানান, শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া মিতুলের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁর শ্বাসনালিও গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাবা, মা, স্ত্রী, আড়াই বছরের শিশুপুত্র, তিন বোন আর দুই ভাইকে নিয়ে শেরশাহ বাংলাবাজার সিরাজ কলোনিতে মিতুলের বসবাস। অভাবের তাড়নায় আর ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র এক বছর আগে তাঁরা ভোলা থেকে চট্টগ্রামে আসেন। এখন চিকিৎসার খরচ কীভাবে চলবে, তা নিয়ে আতঙ্কিত হতদরিদ্র পরিবারটি।

মিতুলের চাচা মো. রায়হান বলেন, ‘গরিব হয়ে জন্মানোই আমাদের একমাত্র দোষ। এখন কে চিকিৎসার খরচ দেবে? আমরা তো কোনো রাজনীতি করি না।’
ফেনীতে পেট্রলবোমায় কাভার্ড ভ্যানচালক নিহত: আমাদের ফেনীর নিজস্ব প্রতিবেদক জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী বাইপাস অংশের লেমুয়া হাফেজিয়া মাদ্রাসা নামক স্থানে একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে মারাত্মক দগ্ধ হন কাভার্ড ভ্যানের চালক শাহ আলম (৩৫) ও তাঁর সহকারী আল আমিন (৩২)। দুজনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।