এই নগরে-দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস পালন
বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উপলক্ষে ১২ জুন নানা কর্মসূচি পালন করেছে উন্নয়ন সংস্থা, জেলা প্রশাসনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সকাল ১০টায় দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
এরপর জেলা শিল্পকলা একাডেমীতে ‘সামাজিক নিরাপত্তার প্রসার ঘটান, শিশুশ্রম নিরসন করুন’ বিষয়ের ওপর গোলটেবিল বৈঠক সমাজবিজ্ঞানী মন্জুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে শিশুশ্রম নিরসনে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম উপস্থাপন করেন ঘাসফুলের প্রকল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।
তিনি জানান, দেশে ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় চার কোটি শিশু। কিন্তু কেউ তাদের নিয়ে ভাবে না। শিশুরা দিন দিন অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। পর্নোগ্রাফিতে বাড়ছে শিশুদের ব্যবহার। এর থেকে উত্তরণে পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপমহাপরিদর্শক মো. জাকির হোসেন। প্যানেল আলোচক ছিলেন ওবায়দুল করিম, নাজিম উদ্দিন, জেসমিন খান, বেলায়েত হোসেন, এম নাসিরুল হক, মো. গিয়াস উদ্দিন, শাহাব উদ্দিন, সোহরাব হোসেন, স্যামুয়েল প্রাণতোষ সাংমা, মো. আরমান, ফয়েজ আহমদ, এসএম জামাল উদ্দিন, স্পনা তালুকদার, জেসমিন সুলতানা, আনজুমান বানু প্রমুখ।
এ ছাড়া দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, শ্রমজীবী শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, বক্তৃতা ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন (সাধারণ) মো. ইলিয়াছ। এতে সভাপতিত্ব করেন বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উদ্যাপন পরিষদ চট্টগ্রাম-এর আহ্বায়ক আফতাবুর রহমান। বিজ্ঞপ্তি।

বন্দরকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালার উদ্বোধন
বন্দরকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনাবিষয়ক দুই সপ্তাহের কর্মশালা ৮ জুন থেকে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্দরকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা এখন অনেক বেশি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই কর্মশালার মাধ্যমে বন্দরের নিরাপত্তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া তাঁদের মধ্যে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা ‘আইএসপিএস কোড’ বাস্তবায়নে সচেতনতা বাড়বে।
বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির আরিফ মাহমুদ ও যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কার্যালয়ের কর্মকর্তা বার্নাড এন নিক্সন।
কর্মশালায় চট্টগ্রাম ও মংলা বন্দরের ২৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিচ্ছেন। —নিজস্ব প্রতিবেদক

ছয় দফা দিবস উপলক্ষে সভা ও পুষ্পমাল্য অর্পণ
প্রত্যয় ’৭১-এর উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ। বক্তব্য দেন লোকপ্রিয় বড়ুয়া, আশুতোষ দাশ, পরিতোষ বড়ুয়া, রতন আচার্য্য, সিজার বড়ুয়া, রিয়াদ আহমদ, সাহাব উদ্দীন, টিটু শীল, বিকাশ দাশ, মোহাম্মদ শাফকাত আজিজ, অভিষেক দাশ, রাহুল দাশ, মো. জাকারিয়া, ইমন শীল, জিয়াউল হক, আশরাফ তুহিন, বাবু দে প্রমুখ। বজ্ঞপ্তি।

বাকলিয়ায় সন্ত্রাসবিরোধী মিছিল সমাবেশ
বিশ্ববিদ্যালয় ছাত্র ইয়াসির আরাফাতের (২১) হত্যায় জড়িত ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল সমাবেশ করেছে পশ্চিম বাকলিয়ার বাসিন্দারা। একই সঙ্গে এলাকার সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
পশ্চিম বাকলিয়ার এলাকাবাসী ও নিহত ইমনের পরিবারবর্গ ব্যানারে গত মঙ্গলবার বিকেলে নগরের দেওয়ান বাজার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ছিনতাই, খুন, রাহাজানিসহ নানা সন্ত্রাসী কার্যক্রমে এলাকাবাসী অতিষ্ঠ। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বিরাজ করছে বলেই অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে।
ইমন হত্যা মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করায় সন্তুষ্টি প্রকাশ করেন বক্তারা। সন্ত্রাসীরা বাকি আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। বিজ্ঞপ্তি।

চিটাগাং আইডিয়াল উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
চিটাগাং আইডিয়াল উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ৭ জুন বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং আইডিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইউছুফ। বক্তব্য দেন শিক্ষক মোহাম্মদ আলম, অভিভাবক আনোয়ার হোসেন, সৈয়দ আহম্মদ ভূঁঞা, মোহাম্মদ হাসান আহসানুল কবির, আ স ম শাহরিয়ার চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক-চরিত্র গঠনে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের সময়কে গুরুত্বের সঙ্গে কাজে লাগানোর আহ্বান জানান। সভা সঞ্চালনা করেন শিক্ষক মুহাম্মদ সৈয়দুল আলম। বিজ্ঞপ্তি।

জনতা ব্যাংক দোহাজারী শাখার উদ্যোগে বিশেষ ঋণ আদায় কর্মসূচি
জনতা ব্যাংক দোহাজারী শাখার উদ্যোগে ৯ জুন স্থানীয় হাছনদণ্ডী উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিশেষ ঋণ আদায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের দোহাজারী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রোকন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপক মো. কামরুল আহসান, নির্বাহী কর্মকর্তা অরুণ কান্তি শীল ও হাছনদণ্ডী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. নাছির উদ্দিন। বক্তব্য দেন বিজন কুমার বড়ুয়া, রতন দে, মো. মহিউদ্দিন, আব্দুল কাদের, আবু ছৈয়দ, কাজী নুরুল আকতার প্রমুখ।
অনুষ্ঠানে ৬৮ জন কৃষকের কাছ থেকে দুই লাখ ৪৫ হাজার ৬০০ টাকার কৃষি ও পল্লিঋণ আদায় করা হয়। বিজ্ঞপ্তি।

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কোর্স সমাপনী
বাংলাদেশ- কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত কম্পিউটার কোর্সের ২৬তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান ৯ জুন সোমবার নাসিরাবাদের কার্যালয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মুহিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার বিভাগের ইনচার্জ গাজী ইকফাত মাহমুদ, কম্পিউটার বিভাগের শিক্ষক আক্তার হোসাইন ভূইয়া, কোরিয়ান ভোলানটিয়ারস্ পার্ক সেঅন ওন এবং আন জেই ইয়ং। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ শওকতুল ইসলাম ও জামিলা সুলতানা। বিজ্ঞপ্তি।

ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিতর্ক ক্লাব গঠন
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে বিতর্ক ক্লাব। এ উপলক্ষে এক সভা ১১ জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ফেনী বিজ্ঞান ক্লাব।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক মো. ফখরুদ্দিন মাহমুদ। বক্তব্য দেন প্রধান শিক্ষক সুব্রত নাথ, ফেনী বিজ্ঞান ক্লাবের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব কাজী মো. ইস্রাফিল, সংগঠনের কর্মী আজিজুর রহমান, হারুনুর রশিদ, সাইফুদ্দিন, মুনির চৌধুরী, হরিপদ বর্মন, আবেদা সুলতানা প্রমুখ।
নবগঠিত ক্লাবের কর্মকর্তারা হলেন সভাপতি তাসনুভা বিনতে মমিন, সহসভাপতি জাহিন ফাইরুজ, সাধারণ সম্পাদিকা রামিসা ইসলাম, যুগ্ম সম্পাদক যুক্তা সাহা, ফারিয়া রহমান ও অপরাজিতা বণিক, সাংগঠনিক সম্পাদক ইফফাত জাহান, সহসাংগঠনিক সম্পাদক মৃত্তিকা দাস, সমন্বয়কারী মিফতাহুল জান্নাত তামিমা ও রাহনুভা আমীর। —নিজস্ব প্রতিবেদক, ফেনী

রাহে ভান্ডার দরবারে ওরস
বোয়ালখালীর রাহে ভান্ডার কধুরখীল দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সৈয়দ আবদুল মালেক শাহ (ক.)-এর ওরস ৫ জুন দরবারে অনুষ্ঠিত হয়। ওরসে আগত ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন দরবারের সাজ্জাদানশীন হজরত মাওলানা সৈয়দ জাফর ছাদেক শাহ। উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল হুদা, সৈয়দ মারুফ বিন কাদের সাঈদ, সৈয়দ সাইদুল ইসলাম, সৈয়দ শফিউল বশর নঈমী প্রমুখ।
আলোচনা সভার পর রাহে ভান্ডারের মুখপত্র নকশার সন্ধানে-এর ১৬তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।