
যত যন্ত্রণা বইমেলায় পৌঁছাতে। যত আনন্দ বইমেলায় ঢুকে।
শাহবাগ চৌরাস্তায় নেমে বইমেলায় পৌঁছাতে গতকাল শুক্রবার বিকেলে পাক্কা দেড় ঘণ্টা লেগেছে। টিএসসি থেকে মেলায় ঢোকার বিশাল লাইন। মানুষের তাড়াহুড়া। সঙ্গে পুলিশের ‘ধীরে চলো’। এসব পেরিয়ে যাঁরা ঢুকতে পেরেছেন, তাঁদের মুখে শান্তির হাসি।
শুক্রবার ছুটির দিন থাকায় বইমেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। ছোট থেকে বড়—সবাইকে দেখা যায় হাসিমুখে স্টল থেকে স্টলে ঘুরতে। প্রত্যেকে তাঁর প্রয়োজনীয় বইটি কিনতে ছুটে যাচ্ছেন এক স্টল থেকে অন্য স্টলে। বর্ধমান হাউসের সামনে, লিটল ম্যাগাজিন চত্বরে ছিল গতকাল প্রতিদিনকার মতো আড্ডা। সন্ধ্যায় মেলামঞ্চে কবিদের কবিতায়, আলোচনায় আকাশ-বাতাস ছিল মুখরিত।
শুরুটা শিশুদের নিয়ে
‘আমলা থবাই ইত্তুলে দাই পলি/ পলতে পলতে ভীদন মডা কলি।’ ছড়াকার আখতার হুসেনের এ ছড়ার নায়কেরাই গতকাল শুক্রবার সকালে মেলার প্রাণ হয়েছিল। সবাই ‘পলতে পলতে ভীদন মডা’ করেছে! কেননা কাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিশুপ্রহর ছিল। সকালে মেলার গেট খুলে দেওয়ার আধঘণ্টার মধ্যে মেলার মাঠ অর্ধেকটা ভরে যায়। এ বিষয়টি উল্লেখ করে অ্যাডর্ন পাবলিকেশনসের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন বলেন, ‘আমার ১৯ বছরের বইমেলার জীবনে এমন ঘটনা কখনো দেখিনি। বেলা ১১টায় স্টলের ঝাঁপি খুলতে না-খুলতে চারদিকে তাকিয়ে দেখি মানুষে ভরে গেছে। শিশু-কিশোর আর তাদের মা-বাবার দখলে ছিল মেলা। এই না হলে বইমেলা!’
সকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা’র প্রাথমিক পর্ব। অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগীতশিল্পী সুবীর নন্দী। শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এদিন।
যে ছড়ার লাইন দিয়ে এই আলাপ শুরু, সেই ছড়াটি ছড়াকার আখতার হুসেনের হাল্লুম হুল্লুম বইটির অংশ। সম্প্রতি মেলায় বইটি এনেছে পরিবার পাবলিকেশনস। আখতার হুসেন বলেন, এটি তাঁর লেখালেখি জীবনে প্রথম রঙিন বই।
মেলায় ছোটদের বিচিত্র বই। বাচ্চাদের ঠিকমতো খাওয়ানো এখন সত্যিই একটি কঠিন ব্যাপার। বিশেষ করে নগরজীবনে মা-বাবার জন্য এটা উদ্বেগের বিষয়। বাচ্চাকে খাওয়ানোর সহজ কিছু কৌশলের কথা আছে ডা. আবু সাঈদ শিমুলের বাচ্চা যখন খায় না কিছুই বইতে, মেলায় এনেছে প্রথমা প্রকাশন। মেলায় শিশু-কিশোরদের জন্য আসা নতুন বইয়ের মধ্যে আরও ছিল প্রথমা প্রকাশনের মোহাম্মদ ওয়াজেদ আলীর ছোটদের হজরত মোহাম্মদ (সা.), সেলিনা হোসেনের হোজ্জার ছোট্ট পুতুল, আনিসুল হকের গুড্ডুবুড়ার কক্সবাজার কাণ্ড ও হ্যাপি বার্থ ডে টু ইউ, রেজাউর রহমানের কাঠবিড়ালি, রাজীব হাসানের হরিপদ ও গেলিয়েনসহ বেশ কিছু নতুন বই।
নতুন বইয়ের মিছিলে গতকাল মেলায় ২৪১টি নতুন বই যোগ হয়েছে। অন্যপ্রকাশ এনেছে হাসান আজিজুল হকের ছোবল, মাওলা ব্রাদার্স এনেছে মুনতাসীর মামুনের ঢাকা স্মৃতি-১৮, সামিয়া রহমানের আধাখিঁচড়ে গল্প, চন্দ্রাবতী একাডেমি এনেছে হাশেম খানের ছবিগল্প মধুবক, অ্যাডর্ন পাবলিকেশনস এনেছে ড. রেজাউর রহমান ও ড. মোশাররফ হোসেনের অর্থনৈতিক কীটতত্ত্ব, জয়নাল হোসেনের প্রেমিক ভ্যান গঘ, রেজাউল করিম খোকনের বোম্বে কলকাতার ঝড় তোলা নায়িকারা, গ্রন্থকুটির এনেছে শাকুর মজিদের পৃথিবীর পথে পথে, আহমাদ মোস্তফা কামালের প্রেম অথবা দহনের গল্প, আগামী এনেছে বদিউল আলম মজুমদারের রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়, সূচীপত্র এনেছে ফরিদ কবিরের শ্রেষ্ঠ কবিতা, অনন্যা এনেছে মুহাম্মদ ইব্রাহীমের মানুষের পায়ের আওয়াজ, মোস্তফা কামালের কিছু হাসি কিছু রম্য, সাহস পাবলিকেশনস এনেছে নাইস নূরের জেবার প্রিয় বারবি ডল, অন্বেষা প্রকাশনী এনেছে আবদুল্লাহ আল ইমরানের দিবানিশি ইত্যাদি।
মেলায় গতকাল ৬৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মো. আনোয়ার হোসেনের কবিতার বই চেতনায় একাত্তর বইটির মোড়ক উন্মোচন করেন সায়েন্স ফিকশন লেখক মোশতাক আহমেদ।
সারা দিন রঙিন
উৎসবের চেহারায় অনেক দিন আগেই পৌঁছে গেছে অমর একুশে গ্রন্থমেলা। কাল সারা দিনই উৎসবের চেহারায় ছিল মেলা। সোহরাওয়ার্দী উদ্যানে উপচে পড়া ভিড় ছিল আক্ষরিক অর্থে। মগ্ন ও মননশীল পাঠককুল ভিড় এড়িয়ে বইয়ের খোঁজে সচেষ্ট ছিলেন। কেমন দেখছেন মেলা? গতকাল শুক্রবারের মেলায় প্রশ্ন ছিল জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি অন্যপ্রকাশের মাজহারুল ইসলামের কাছে। বললেন, ‘ফেব্রুয়ারির আগের শুক্রবারটা নিয়ে আমাদের আলাদা আগ্রহ আছে। এবারের মেলার প্রথম দিনেই ছিল বইপ্রেমীদের ঢল। সেই ধারাবাহিকতায় আজকের (গতকাল) মেলায় জনজোয়ার ঘটেছে। শুধু ঘুরে দেখা নয়, আজকে বইকেনার পাঠক ছিল বেশি।’ সামনের দিনগুলো, বিশেষ করে একুশে ফেব্রুয়ারি, মেলার শেষ শুক্র ও শনিবার এ ভিড় ও বিক্রি আরও বাড়বে বলে আশা করেন তিনি।
বিকেলে মেলামঞ্চে অনুষ্ঠিত হয় ‘আশির দশকের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কুমার চক্রবর্তী। আলোচনায় অংশ নেন মাসুদুল হক ও আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করেন কবি রুবী রহমান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ফয়জুল আলম পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’-এর আবৃত্তি পরিবেশনা এবং ইন্দ্রমোহন রাজবংশীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ’-এর শিল্পীদের গান।
আজ শনিবার সকালে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘নব্বই দশকের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মোস্তাক আহমদ দীন। আলোচনায় অংশ নেবেন শহীদ ইকবাল এবং এ এম মাসুদুজ্জামান। সভাপতিত্ব করবেন কবি সাজ্জাদ শরিফ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।