এই না হলে বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন দীর্ঘদিনের বন্ধু। একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান, অন্যজন চলতি পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী। এ অবস্থায় বন্ধুর জন্য কিছু করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এক মাসের ছুটি নিয়েছেন। বন্ধুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। ঘটনাটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৯ ডিসেম্বর থেকে এক মাসের ছুটি চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন। হিসাব অনুযায়ী ১৮ জানুয়ারি তাঁর ছুটি শেষ হবে। ছুটি শুরুর আগের দিন উপজেলা চেয়ারম্যান তাঁর সরকারি গাড়ি ও এর চাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বুঝিয়ে দিয়েছেন। দলীয় ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি অনুষ্ঠিত কুলাউড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও বর্তমান মেয়র কামাল উদ্দিন, আওয়ামী লীগের উপজেলা কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শফি আলম, সদস্য সফিউল আলম, এনামুল ইসলাম ও মতিউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে শফি আলমকে সমর্থন দেওয়া হলেও দলের অন্য নেতা সফিউল আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা চেয়ারম্যান আবদুল মতিন সফিউল আলমের পক্ষে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। মেয়র প্রার্থীদের একজন কামাল উদ্দিন বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান একজন বিজ্ঞ ব্যক্তি। তিনি বুঝেশুনেই কিছু করবেন বলে আমরা আশা করি।’ উপজেলা চেয়ারম্যান আবদুল মতিন ছুটির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘এক মাস বলতে পারেন আমি সাধারণ নাগরিক। আর ইউনুছ সাহেব (সফিউল আলম) আমার দীর্ঘদিনের বন্ধু। তাই তাঁর পক্ষে মাঝেমধ্যে নির্বাচনী প্রচারণায় যাই। প্রচারণাকালে কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছি না। ফলে আচরণবিধি লঙ্ঘন হওয়ার মতো কোনো কারণ দেখছি না।’রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও হাফিজুর রহমান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, আচরণবিধিতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিষয়ে কিছু উল্লেখ নেই।