এই নির্বাচন দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সমঝোতা ছাড়াই নির্বাচন কমিশনের একতরফাভাবে ঘোষিত দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেবে বলে মনে করে বেসরকারি মানবাবিধকার সংগঠন অধিকার। গতকাল শুক্রবার সংগঠনটির এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সহিংসতায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মানুষ নিহত হচ্ছে, অন্যদিকে যানবাহনে পেট্রলবোমা ও আগুন ধরিয়ে দেওয়ার কারণে সাধারণ নাগরিকদেরও প্রাণহানির ঘটনা ঘটছে। অধিকারের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১৪৯ জন নিহত হয়েছেন।
বিবৃতিতে ১৮-দলীয় জোটের ডাকা ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে তাঁর বাড়িতে আটকে রাখাসহ বিভিন্ন ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, এই সহিংস পরিস্থিতিতে সরকার বিরোধী মতকে নির্মমভাবে দমন করছে।