এই নির্বাচন মহাজোটের কলঙ্কজনক উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ একদলীয় প্রহসনের নির্বাচন করে দেশের প্রতিষ্ঠিত গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করেছে। একই সঙ্গে তারা ’৯১-এর পর থেকে গণতন্ত্রের সব অর্জনকেও ধূলিসাৎ করেছে। সাজানো, পাতানো নির্বাচন করে তারা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। দেশবাসী ভোটকেন্দ্রে না গিয়ে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।
গতকাল সোমবার দুপুরে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে ১৮-দলীয় জোটের পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরেন জোটের সমন্বয়ক মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম। এই নির্বাচনকে ‘মহাজোটের কলঙ্কজনক উপহার’ আখ্যা দিয়ে এবং ফলাফল প্রত্যাখ্যান করে তিনি বলেন, একদলীয় সরকার কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারবে না।
নজরুল ইসলাম আরও বলেন, ১৮-দলীয় জোটের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের অধীনে যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তা প্রমাণিত হয়েছে। দলীয় ক্যাডার ও সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা ভোট ডাকাতি করেছে। ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নূরুল ইসলাম, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক সাংসদ কাজী সেকেন্দার আলীসহ ১৮ দলের মহানগর ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।