এই নির্বাচনের মূল্য নেই, আগামী নির্বাচন হবে প্রকৃত নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের কোনো মূল্য নেই৷ আগামী দিনে অনুষ্ঠেয় নির্বাচনই হবে প্রকৃত নির্বাচন৷
গতকাল বুধবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাঁপারহাট উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এরশাদ৷ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনউদ্দিন বাবুলের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের জাপায় যোগদান উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়৷
জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘আমি নির্বাচন করি নাই, আমার নাম লালমনিরহাটের পাটগ্রাম আর রংপুরে এসেছে৷ আমি ভোট করতে রাজি না হওয়ায় আমাকে হাসপাতালে নেওয়া হলো৷ এরপর সব যোগাযোগ বিচ্ছিন্ন৷ নির্বাচন হলো৷ জাতীয় পার্টি কিছু আসন পেল৷ আমার দল আমার নির্দেশ অমান্য করে নির্বাচন করেছে৷ আমার ভাই জি এম কাদের আমার কথা শুনে ভোট করে নাই৷ আমি বলছি, এই নির্বাচনের কোনো মূল্য নাই, আগামী নির্বাচন হবে প্রকৃত নির্বাচন৷ সেই নির্বাচনে জাতীয় পার্টি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে৷’
এরশাদ আরও বলেন, ‘একটা সরকার আসে কেন? সরকার আসে কাজ করার জন্য, মানুষকে শান্তি-সুখে রাখার জন্য৷ এখন মানুষ শান্তিতে নাই৷ তাঁরা শান্তিতে কোনো কাজ করতে বা ঘুমাতে পারে না৷ এখন ঘরে থাকলে মানুষ খুন হয়, আর বাইরে গেলে গুম হয়৷’
দেশের মানুষ এ রকম সরকার চায় না উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশি-বিদেিশরা এ দেশে নতুন করে কোনো কাজে বা ব্যবসায় অর্থ লগ্নি করতে চান না৷ ব্যাংকে দেদার লুট হচ্ছে৷ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷
জনসভায় সভাপতিত্ব করেন এরশাদের ছোট ভাই ও জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের৷