জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন। এই নির্যাতন গণহত্যার শামিল। গণহত্যার অনেক উপাদান সেখানে উপস্থিত।
রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন-হত্যার ঘটনায় গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় কাজী রিয়াজুল হক এসব কথা বলেন।
কাজী রিয়াজুল হক বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন অনেক দিন ধরে চলছে। কিন্তু এই বিষয়টি কখনো আন্তর্জাতিক সমস্যা হিসেবে বিবেচনা করা হয়নি। এখন মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক প্রভৃতি দেশ এগিয়ে এসেছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে অন্য মুসলমান দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে সবাই মিলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করতে হবে।
রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ইতিমধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনমত তৈরিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি তৎপর হতে সরকারের প্রতি সুপারিশ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।