সরকার পতনের শেষ ইঙ্গিত বিলবোর্ডের মাধ্যমেই প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ১৯৬৮ সালে ১০ বছর পূর্তি উপলক্ষে আইয়ুব খানের সরকার উন্নয়নের বিলবোর্ড টাঙিয়েছিল। কিন্তু পার পায়নি। এর এক বছরের মাথায় আইয়ুব সরকারের পতন হয়। সরকার যে বিলবোর্ড টাঙিয়েছে তাতে আগামী ছয় মাসের মধ্যে তাদের পতন হবে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘জনদুর্ভোগ সরকারের তথ্যসন্ত্রাস ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ এ মন্তব্য করেন। ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠন ওই আলোচনার আয়োজন করে। রাজধানীতে দুই হাজার বিলবোর্ড দখল করে সরকারের জয়গান গাওয়া হয়েছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘আমরা শুনেছি, চর দখল, বিল দখল ও বাড়ি দখল হয় কিন্তু এই প্রথম দেখলাম, বিলবোর্ডও দখল হয়।’ তিনি বলেন, সরকার যে একেবারে জনবিচ্ছিন্ন, বিলবোর্ডগুলোই তা প্রমাণ করে।প্রসঙ্গত, রাজধানীজুড়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে শত শত বিলবোর্ড লাগানো হয়েছে। সরকারের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, ‘হাজারো বিলবোর্ড লাগাতে পারেন। কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না। যার প্রমাণ পাঁচ সিটিতে সরকারের উন্নয়নের জোয়ার ভোটের জোয়ারে ভেসে গেছে।’ তিনি বলেন, ‘সরকার আত্মবিশ্বাস হারিয়ে বুঝতে পেরেছে, তাদের জনপ্রিয়তা নেই। এ জন্য ক্ষমতায় টিকে থাকতে বেপরোয়া ও দেউলিয়া হয়ে বিলবোর্ড লাগিয়েছে।’দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ করে মওদুদ বলেন, তাদের উচিত হবে যারা বিলবোর্ড লাগিয়েছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা।