এই প্রথম মুক্ত দিবস পালিত
১৯৭১ সালের ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। স্বাধীনতার ৪০ বছর পর এই প্রথম জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিশাল পরিসরে গতকাল শনিবার মুক্ত দিবস পালন করে।স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের মার্চ মাসে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঠাকুরগাঁওবাসী প্রতিরোধ গড়ে তুলে। ঠাকুরগাঁও ৬ নম্বর সেক্টরের অধীনে ছিল। তৎকালীন ঠাকুরগাঁও মহকুমার পঞ্চগড় থানা শত্রুমুক্ত হয় ২৯ নভেম্বর। পঞ্চগড় থানা হাতছাড়া হওয়ার পর হানাদার বাহিনী ঘাঁটি স্থাপন করে ঠাকুরগাঁওয়ে। ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণের মুখে হানাদার বাহিনী পিছু হটে যায়। পরদিন মুক্তিযোদ্ধারা বিজয়ীর বেশে ঠাকুরগাঁও শহরে ঢুকে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেন।মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফরিদ বলেন, ‘এর আগে সব সংগঠনকে নিয়ে ঠাকুরগাঁও মুক্ত দিবস পালন করতে পারিনি এটা আমাদেরই ব্যর্থতা। নতুন প্রজন্ম ৪০ বছর পর হলেও দিবসটি পালন করছে দেখে ভালো লাগছে।’মুক্তিযুদ্ধের অপর সংগঠক ফজলুল করিম বলেন, দেরিতে হলেও ভালো। মুক্তিযোদ্ধারা নিজের জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছে। এ জেলা কীভাবে হানাদারমুক্ত হলো, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ উপলক্ষে গতকাল সকালে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী ও নরেশ চৌহানের সমাধিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়।উদীচীর জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠানে পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. আকবর হোসেন, সিপিবির সভাপতি সৈয়দ মেরাজুল হোসেন প্রমুখ আলোচনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। পরে জেলার ২৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ঠাকুরগাঁও প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও যুবদল দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।