মানবতাবিরোধী অপরাধের বিচার: কায়সারের সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের
এই প্রথম সাক্ষ্য দিলেন যুদ্ধশিশু
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশে এই প্রথম কোনো যুদ্ধশিশু রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মামলার সমাপনী যুক্তি উপস্থাপনকালে এ তথ্য জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ।
এই যুদ্ধশিশু ও ধর্ষণের শিকার দুই নারীকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে রাষ্ট্রপক্ষ একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য কায়সারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ এসব দাবি জানান। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
যুক্তি উপস্থাপনকালে তুরিন আফরোজ বলেন, যুদ্ধাপরাধের বিচার চলাকালে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধশিশুদের সাক্ষ্য নেওয়া হয়েছে। বাংলাদেশে এই মামলায় প্রথম কোনো যুদ্ধশিশু রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। ৪২ বছর বয়সী ওই নারীর (যুদ্ধশিশু) মাকে কায়সার একাত্তরে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিলেন। এ ছাড়া কায়সার ও পাকিস্তানি সেনাদের ধর্ষণের শিকার হয়েছেন এমন দুজন নারী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। ওই তিনজন রাষ্ট্রের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি।
তাঁরা মানবেতর জীবনযাপন করে আসছেন। সামাজিকভাবে তাঁরা প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হচ্ছেন। তাই তাঁরা ক্ষতিপূরণ পাওয়ার ন্যায্য দাবিদার। আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধশিশু ও ধর্ষণের শিকার নারীরা ক্ষতিপূরণ পান। তাই কায়সারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি ওই তিনজনকে ক্ষতিপূরণ দেওয়া হোক।
রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী হিসেবে ওই যুদ্ধশিশু ক্যামেরা ট্রায়ালে কায়সারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। গতকাল রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপনের সময় এ বিষয়টি উন্মুক্ত হয়। ক্যামেরা ট্রায়ালে বিচারকেরা এবং নির্দিষ্টসংখ্যক আইনজীবী ও আদালতে কর্মকর্তা-কর্মচারী ছাড়া বাইরের কেউ উপস্থিত থাকতে পারেন না। এতে সাক্ষীর নাম-ঠিকানা এবং সাক্ষ্যের বিষয়বস্তু উন্মোচন করা হয় না।
কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে—ট্রাইব্যুনালের এ প্রশ্নের জবাবে তুরিন আফরোজ বলেন, কায়সারের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ দেওয়া হোক। সম্পত্তি না পাওয়া গেলে রাষ্ট্রও তাঁদের ক্ষতিপূরণ দিতে পারে। বিদ্যমান আইনেই ক্ষতিগ্রস্তদের (ভিকটিম) ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ রয়েছে।
এ সময় ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, ক্ষতিপূরণ দিলেই কি ক্ষতিগ্রস্তদের দুঃখ-কষ্ট লাঘব হবে? জবাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ক্ষতিপূরণের মাধ্যমে তাঁদের দুঃখ-কষ্ট কোনো দিনও লাঘব হবে না। কিন্তু কায়সারের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় এবং ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পান, তবে ন্যায়বিচারের পাশাপাশি তাঁরা কিছুটা হলেও শান্তি পাবেন।
তুরিন আফরোজের যুক্তি উপস্থাপন শেষ হলে কায়সারের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তাঁর আইনজীবী আবদুস সোবহান তরফদার। আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১০ আগস্ট (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
সিরাজুল হককে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাগেরহাটের সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সেফ হোমে নিয়ে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২০ আগস্ট তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল সকালে সিরাজুল হককে হাজির করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করেন কৌঁসুলি সাইয়েদুল হক। শুনানি শেষে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে সিরাজুল হককে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত আসামি সিরাজুল হককে গত ২১ জুলাই রাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে একাত্তরে শাঁখারিকাঠি বাজারে গণহত্যা ও ধর্ষণের অভিযোগসহ ছয়টি অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থা জানায়, একাত্তরে বাগেরহাটের রাজাকার কমান্ডার সিরাজুল হক ‘বাগেরহাটের কসাই’ নামে পরিচিত ছিলেন।