এই প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রস্তাবকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল সোমবার নির্বাচনকালীন সরকার নিয়ে দেওয়া খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সৈয়দ আশরাফ প্রথম আলোকে এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, সংবিধান অনুযায়ী অনির্বাচিত কাউকে নিয়ে সরকার গঠনের সুযোগ নেই। অনির্বাচিত কাউকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব সংবিধান অনুযায়ী বেআইনি। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাবটি সংবিধানসম্মত।
আমরা আশা করব, প্রধানমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে বিরোধীদলীয় নেতা অন্তর্বর্তী সরকারের জন্য তাঁর প্রতিনিধির নাম পাঠাবেন।’
খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, বাস্তবতার সঙ্গে এই বক্তব্যের কোনো মিল নেই। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা হাওয়া ভবনের কর্মকাণ্ড ও দুর্নীতির জন্য জাতির কাছে ক্ষমা চাননি। তাঁর সরকারের আমলে দেশে যে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছিল, সে জন্য ক্ষমা চাননি। সংখ্যালঘু নির্যাতনের জন্যও তিনি ক্ষমা চাননি। তিনি অন্যদের ক্ষমা করছেন।
২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সঙ্গে বিরোধীদলীয় নেতার আত্মীয়স্বজন ও দলের লোকজন জড়িত ছিলেন বলে দাবি করে সৈয়দ আশরাফ বলেন, তদন্তে তা বেরিয়েও এসেছে। ওই হামলায় নিহত ও আহত ব্যক্তিদের দেখতে তিনি একবারের জন্যও হাসপাতালে যাননি। এ ঘটনার তদন্ত করতে তিনি বাধা দিয়েছেন। জজ মিয়া নাটক সাজিয়েছেন। খালেদা জিয়া এর জন্য ক্ষমা চাননি। যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় নেওয়ার জন্য তিনি ক্ষমা চাননি। দেশের মানুষ এসব ঘটনা ভুলে যায়নি। তিনি বলেন, খালেদা জিয়া তাঁর ছেলেরা যে আর নতুন কোনো ভবন করবেন না, তার প্রতিশ্রুতি দেননি। আগামীবার ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের যে তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবেন না, তার প্রতিশ্রুতিও দেননি।
এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়: এইচ টি ইমাম
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম গতকাল বিবিসিকে বলেন, বিরোধীদলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘এখানে দুটি বিষয় রয়েছে। প্রথম হলো, ১৯৯৬ সালে যাঁরা তত্ত্বাবধায়ক সরকারে ছিলেন, তাঁদের অনেকেরই বয়স পার হয়ে গেছে। ওই সরকার নিয়ে কোনো বিতর্ক তখন ছিল না। কিন্তু ২০০১ সালে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, তার অনেকেরই ভূমিকা নির্দলীয় ছিল না। বিশেষ করে প্রধান উপদেষ্টা লতিফুর রহমানসহ কয়েকজন একেবারে প্রকাশ্যে ও ন্যক্কারজনকভাবে এমন কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন ও কাজ করেছেন, যেগুলো তাঁদের, সাংবিধানিকভাবে, ম্যান্ডেটের মধ্যেও ছিল না। কাজেই আমি মনে করি না, তাঁরা আমাদের কাছে গ্রহণযোগ্য হবেন।’
খালেদা জিয়ার প্রস্তাবিত সরকারের রূপরেখা গ্রহণযোগ্য না হলে বিকল্প কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, সেই অনুসারে আলোচনা করে সমাধান হতে পারে। সরকারপ্রধান কে হবেন, সেটি সংবিধানেই নির্ধারণ করা আছে। তাই এটি নিয়ে আলোচনার আর এখতিয়ার নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মনোনীত প্রধানমন্ত্রীই সরকারপ্রধানের দায়িত্ব পালন করবেন নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত। কাজেই প্রধানমন্ত্রী কেমন করে এখন সরে যাবেন?
খালেদা জিয়ার প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করে দিচ্ছেন কি না—এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘না। বিরোধীদলীয় নেতার বিকল্প প্রস্তাব আওয়ামী লীগ অবশ্যই বিবেচনা করবে। দলে এ নিয়ে আলোচনা হবে।’