এই বাংলাদেশ ফারাজের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ফারাজ হোসেন দেশপ্রেমিক এক তরুণ, যিনি বন্ধুর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সুযোগ পেয়েও বন্ধুদের ফেলে একা চলে আসেননি। এই বাংলাদেশ ফারাজের বাংলাদেশ। এ রকম একটি বাংলাদেশের স্বপ্নই বঙ্গবন্ধু দেখেছিলেন।
নেত্রকোনার দুর্গাপুরে গতকাল রোববার গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। দুর্গাপুর পৌর শহরের উতরাইল বাজার এলাকায় গারো ব্যাপটিস্ট কনভেনশন মাঠে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এ উৎসবের আয়োজন করে।
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় গত ১ জুলাই সন্ত্রাসী হামলার ঘটনা স্মরণ করে আসাদুজ্জামান নূর বলেন, রমজান মাসের ওই দিন যে পাঁচটি ছেলে ২০ জন মানুষকে হত্যা করেছে, তারা ঠান্ডা মাথায় কাজটি করেছে।
নেত্রকোনার জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস, ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান প্রমুখ বক্তব্য দেন।