এই বাজেট'বিগ বিউটিফুল বেলুন': মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেছেন, গতকাল ঘোষিত বাজেট ‘বিগ বিউটিফুল বেলুন’। এই বাজেটে মুদ্রাস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে এবং জিনিসের দাম বাড়বে। সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। প্রত্যক্ষ কর বা পরোক্ষ কর যা-ই বলা হোক না কেন, টাকার অপচয় হবে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী পার্টি আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন।
নারায়ণগঞ্জে কন্টেইনার টার্মিনাল নির্মাণে ভারতের উদ্যোগের তীব্র সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘অবাক লাগে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটা জানতেন না। অথচ এ-সংক্রান্ত দরপত্রের নমুনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।’
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে মওদুদ আহমদ বলেন, ‘এক দিন আওয়ামী লীগ নিজেদের বাঁচাতে এই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করবে।’ তিনি অভিযোগ করেন, ‘পরমতসহিষ্ণুতা ও আওয়ামী লীগ বিপরীত শব্দ। চার বছর ধরে আওয়ামী লীগ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। এর পরিণতি ভয়াবহ হবে। এর মাশুল একদিন এই সরকারকে দিতেই হবে।’