এই বিচার নিছক তামাশা, আইওয়াশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর ঝুলছে ফেলানীর মৃতদেহ
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর ঝুলছে ফেলানীর মৃতদেহ

ফেলানী হত্যার বিচারপ্রক্রিয়াকে নিছক ‘তামাশা’ ও ‘আইওয়াশ’ বলে আখ্যায়িত করেছে বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) নামে ভারতের একটি মানবাধিকার সংগঠন। সংগঠনটি বলেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালতে যে প্রক্রিয়ায় ফেলানী হত্যার বিচার করা হয়েছে, তারা তার তীব্র নিন্দা জানায়।
এক বিবৃতিতে মাসুম বিএসএফের বিশেষ আদালতকে ‘কথিত আদালত’ উল্লেখ করে বলেছে, এই বিচারকাজে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা স্পষ্টতই ন্যায়বিচারের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়।
বিবৃতিতে মাসুম বিচারপ্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে। যেমন:
— বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে কেন এবং কীভাবে একমাত্র অভিযুক্ত করা হলো? কে তাঁকে অভিযুক্ত করেছেন এবং কেন করেছেন? কোন প্রক্রিয়া অনুসরণ করে অমিয় ঘোষকে একমাত্র অভিযুক্ত হিসেবে দাঁড় করানো হয়েছে?
—নিরাপত্তা বাহিনীর গঠন করা আদালত এই বিচার করার ক্ষেত্রে কী ধরনের তদন্ত চালিয়েছে?
—কথিত ওই আদালত কেন বেসামরিক লোকজনকে আদালতে ঢুকে বিচারকাজ প্রত্যক্ষ করতে দেয়নি?
—যদি কোনো ব্যক্তি বিএসএফের ওপর হামলা না করে লুকিয়ে সীমান্ত পার হন, তাহলে তাঁকে গুলি করার আইনি অধিকার বিএসএফকে দেওয়া আছে কি না?

—কথিত আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত কী? এটা কি আত্মরক্ষার্থে সংঘটিত হত্যাকাণ্ড ছিল?
—এই মামলার বিচার নিয়মিত আদালতে কেন হলো না?

ওই বিবৃতিতে মাসুম ফেলানী হত্যার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে এর যথাযথ তদন্ত করতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

ভারতের বক্তব্য: আজ শনিবার ভারতীয় হাইকমিশনের মুখপাত্র প্রথম আলো ডটকমকে বলেন, ফেলানী খাতুন হত্যা মামলায় যে রায় ঘোষণা করা হয়েছে তা বিচারপ্রক্রিয়ার প্রাথমিক ধাপ। ওই রায়ের বিরুদ্ধে আবেদন ও রায় পর্যালোচনা করার সুযোগ আছে। তিনি বলেন, এই মামলার বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

গতকাল শুক্রবার বিএসএফের আদালতের রায়ে বিএসএফের অভিযুক্ত সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়। অমিয় বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের জওয়ান। ওই দিন কোচবিহারের বিভিন্ন সূত্রে জানা যায়, রায়টি চূড়ান্ত ছাড়পত্রের জন্য দিল্লিতে বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে। তবে বাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সেনাবাহিনীর কোর্ট মার্শালের সমতুল্য বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ওই বিচারকাজ হয়।
২০১১ সালের ৭ জানুয়ারি ১৫ বছর বয়সী বাংলাদেশি কিশোরী ফেলানী তার বাবা নুরুল ইসলামের সঙ্গে দিল্লি¬ থেকে বাড়ির উদ্দেশে ফিরছিল। তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট না থাকায় সকাল ছয়টার দিকে তারা দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া বাঁশের মই দিয়ে পার হওয়ার চেষ্টা করে। ফেলানীর বাবা কাঁটাতারের বেড়া পার হতে পারলেও আটকে পড়ে ফেলানী। ওই সময় টহলরত বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষ ফেলানীকে দেখে গুলি চালালে কাঁটাতারে সঙ্গে গায়ে থাকা সোয়েটারে আটকা পড়ে ফেলানী। এরপর টানা চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকার পর নামানো হয় ফেলানীর মৃতদেহ।