দেশের প্রচলিত আইনে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’ বলে কোনো শব্দ নেই। বিশ্বব্যাপী স্বীকৃত আইনের শাসনের ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো অপরাধীকে, তা সে যতই দুর্ধর্ষ হোক না কেন, বিনা বিচারে হত্যা এমনকি নির্যাতন করার অধিকার দেওয়া হয়নি। এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিছুতেই গ্রহণযোগ্য নয়।
আজ বুধবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে দেশের ৩৪ বিশিষ্ট ব্যক্তি এমন মন্তব্য করেন। ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’র মতো নিষ্ঠুর, যুক্তিহীন, হঠকারী ও বেআইনি হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে সরকারের কাছে দাবিও জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, ‘তথাকথিত টার্গেট কিলিং তদন্তের লক্ষ্যে আটককৃত সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশের হেফাজতে একের পর এক হত্যা করা হচ্ছে। আমরা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের দৃষ্টিতে সবাই সমান বলে বিশ্বাস করি এবং সব নাগরিকের সমানভাবে আইনের আশ্রয় পাওয়ার সাংবিধানিক অধিকার আছে বলে জানি, তাদের কাছে এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিছুতেই গ্রহণযোগ্য নয়।’
বিবৃতিতে ৩৪ বিশিষ্ট ব্যক্তি বলেন, ‘নির্বিবাদী ও সাধারণ লেখক (ব্লগার), পুস্তক প্রকাশক, বিদেশি নাগরিক, সাধু, পীর-ফকির, পুরোহিত, ধর্মযাজক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্যকর্মী ও এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে যে নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে, তাতে আমরা আর সবার মতোই অত্যন্ত ব্যথিত, মর্মাহত ও স্তম্ভিত। এসব খুনের হোতা, কথিত জঙ্গি-সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ বাহিনী বিশেষভাবে তৎপর হবে, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু তার অর্থ এই নয় যে পুলিশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাবে।’
বিবৃতিতে বলা হয়েছে, মাদারীপুরে হিন্দুধর্মাবলম্বী এক শিক্ষককে খুনের চেষ্টার ঘটনাস্থল থেকে আটক ২০ বছর বয়সী ছাত্র গোলাম ফাইজুল্লাহ ফাহিম পুলিশ হেফাজতে হত্যার শিকার হয়েছেন। এর ২৪ ঘণ্টা না যেতেই খিলগাঁওয়ে আরেকজন ছাত্র শরিফুল (২৫) তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। সে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের সন্দেহভাজন হত্যাকারী বলে পুলিশ বলছে। আর নিহত ব্যক্তির পরিবার বলছে, তাঁর নাম মুকুল রানা এবং তাঁকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল ফেব্রুয়ারিতে। এভাবে গত তিন সপ্তাহে সন্দেহভাজন ২২ ব্যক্তি হত্যার শিকার হলেন। এ ছাড়া যশোরে জামিনে মুক্তি পাওয়া মো. হেমায়েতকে কারাফটকে নিরাপত্তাকর্মীর সামনেই গুলি করে হত্যা এবং চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় পুলিশ সুপার জনতার হাতে বাঁশ তুলে দেওয়ার ঘটনা ভয়াবহ ইঙ্গিত দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অতীত ইতিহাস যথেষ্ট ঝঞ্ঝা-বিক্ষুব্ধ। এর আগে কখনো এভাবে পদ্ধতিগত ও ধারাবাহিক গুপ্তহত্যা কিংবা এত অল্প সময়ের ব্যবধানে বিপুলসংখ্যক মানুষের জীবনপ্রদীপ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়ে নিভে গেছে কি না, সন্দেহ। দেশের নাগরিকেরা তাঁদের পরিবার-পরিজনের নিরাপত্তায় স্বাভাবিকভাবেই ভীত হয়ে পড়ছেন। অথচ এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের থেকে জনগণ ও ভুক্তভোগী পরিবার আদৌ কোনো আশা-ভরসা বা বিশ্বাসযোগ্য আশ্বাস পাচ্ছে না। উপরন্তু, এসব ঘটনার বিষয়ে সরকারি মহল থেকে অবিশ্বাস্য ও অগ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ায় রাষ্ট্রের ওপর নাগরিকের আস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রচলিত আইনে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’ বলে কোনো শব্দ নেই। বিশ্বব্যাপী স্বীকৃত আইনের শাসনের ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো অপরাধীকে, তা সে যতই দুর্ধর্ষ হোক না কেন, বিনা বিচারে হত্যা এমনকি নির্যাতন করার অধিকার প্রদান করা হয়নি। এই নিষ্ঠুর, যুক্তিহীন, হঠকারী ও বেআইনি হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত আদালতের কাছে তাঁরা নিবেদন করেন, আদালত যেন স্বতঃপ্রণোদিত হয়ে এ ধরনের হত্যাকাণ্ডের জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী হলেন ড. শাহদীন মালিক, ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক পারভিন হাসান, অধ্যাপক সি আর আবরার, অধ্যাপক ফিরদৌস আজিম, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক শাহনাজ হুদা, ড. স্বপন আদনান, ড. শহীদুল আলম, ড. বীনা ডি কষ্টা, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. ফস্টিনা পেরেরা, ফরিদা আখতার, আফসান চৌধুরী, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী সারা হোসেন, অ্যাডভোকেট কামরুন নাহার, অনীশ বড়ুয়া, জাকির হোসেন, মো. নূর খান, লুবনা মরিয়ম, রাজিয়া কাদির, সইয়দ সুলতান উদ্দিন আহমেদ, সাফিয়া আজিম, মুক্তাশ্রী সাথী চাকমা, রেহনুমা আহমেদ, নাসরিন সিরাজ, লীসা গাজী, রেজা রহমান লেনিন, মাহীন সুলতান, হানা শামস আহমেদ, তাসাফি হোসেন, ত্রিমিতা চাকমা ও শিরীন হক।