
১০ কাঠা মাটির ধান লাগাইছিলাম, বন্যায় শেষ হয়ে গেছে। দুই দিনের খাবার না দিয়া আপনারা যে বেছন (বীজ) দিলেন, আল্লায় দিলে এই বেছনের ধানে আমার এক বছরের খাবার হবে। আমনের বলানচারা পেয়ে এসব কথা বললেন রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের নাওপাড়া গ্রামের কিষানি শাহিনুরা বেগম। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেশের তিনটি জায়গায় গতকাল সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা ও সবজি বীজ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। তা ছাড়া ঈদ উপলক্ষে গত বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন স্থানে দুর্গত মানুষের হাতে শাড়ি-লুঙ্গি এবং শিশুদের হাতে জামা-গেঞ্জি তুলে দেওয়া হয়।
বদরগঞ্জ (রংপুর)
রংপুরের বদরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৩ জন কৃষকের মধ্যে আমনের বলানচারা বিতরণ করা হয়েছে। ব্রি ধান-৩৪ (জিরাশাইল) জাতের এই চারা অন্তত ১০ একর জমিতে লাগাতে পারবেন কৃষকেরা। গতকাল সোমবার উপজেলার আফতাবগঞ্জ ঈদগাহ মাঠে কৃষকদের হাতে ওই আমনের চারা তুলে দেন বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান। এ নিয়ে দুই দফায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বদরগঞ্জে ১১২ জন কৃষককে আমন চারা দেওয়া হলো।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ আকন্দ ও প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।
মধুপুর ইউনিয়নের নাওপাড়া গ্রামের কিষানি শাহিনুরা বেগম (২৮) বলেন, ‘১০ কাঠা মাটির ধান বানোতে শ্যাষ হয়া গেইচে। দুই দিনের খাবার না দিয়া তোরা যে বেচন দেছেন, আল্লায় দেলে এই বেচনের ধানে হামার এক বছরের খাবার হইবে।’
সুনামগঞ্জ
‘গত বৈশাখে হাওরের সব বোরো ধান পানিতে ডুবে গেছে। এরপর আমন লাগালাম, বন্যায় তা-ও গেল। চারা নাই, হাতে টাকাও নাই। নতুন করে ধান লাগাবার আশা ছিল না। আপনাদের দেওয়া চারা পেয়ে আশা জাগছে।’ আমনের চারা হাতে পেয়ে সত্তরোর্ধ্ব কৃষক রহমত আলী এভাবেই প্রতিক্রিয়া জানালেন। বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জে সদর উপজেলার ১৩টি গ্রামের ৩৫ জন কৃষককে গতকাল আমন ধানের চারা দেওয়া হয়। এই চারা দিয়ে প্রত্যেক কৃষক ৪৫ শতক জমিতে আবাদ করতে পারবেন।
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের চানপুর গ্রামে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি মো. হায়দার আলী, প্রদীপ পাল প্রমুখ।
ফরিদপুর
ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের চারটি ওয়ার্ডে গতকাল বন্যাদুর্গত এক শ কৃষকের মধ্যে লাউ, কুমড়া, উচ্ছে, পালং, মুলা, লালশাক ও বেগুনের বীজ বিতরণ করা হয়েছে।
বীজ হাতে পেয়ে গদাধরডাঙ্গি গ্রামের মো. আদেল ব্যাপারী বলেন, ‘বন্যায় আমার তিন বিঘা জমির ফসল ধ্বংস হয়ে গেছে। মাথায় হাত দেওয়ার জোগাড় হইছিল। আইজ যে বীজ পাইলাম, ওই জমিতে এ বীজ লাগাইয়া সবজি চাষ করব।’
এ সময় জেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্য মো. শাহাজাহান তরফদার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক মকবুল মীর, ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মাফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা
ঈদের আগের দিন শুক্রবার প্রায় ৩০ কিলোমিটার দূরে কলমাকান্দা উপজেলার বড়সালেঙ্গা ও পাশে কুতিগাঁও গ্রামে ২৫ জন অসহায় স্কুল ছাত্রছাত্রীসহ ১৭৫ জন বন্যার্ত পরিবারের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল ২৫টি শিশুর জামা-গেঞ্জি, ১০০টি শাড়ি কাপড় ও ৫০টি লুঙ্গি।
ত্রাণ বিতরণকাজে সহযোগিতা করেন বড়সালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ তালুকদার, বিদ্যালয় কমিটির সদস্য ব্রজগোপাল তালুকদার, সমাজকর্মী ওয়াজ করণি প্রমুখ।
ধোবাউড়া (ময়মনসিংহ)
গত শুক্রবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বন্যার্ত ১৬০ জন নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরে পঞ্চনন্দপুর, ধোবাউড়া ধাইরপাড়া, বলরামপুর ও মনিক্যপাড়া গ্রামের বন্যার্ত ৮০ জন নারীকে শাড়ি ও সমসংখ্যক পুরুষকে লুঙ্গি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক কবীরুল ইসলাম ও ময়মনসিংহ বন্ধুসভার সদস্যরা।
সৈয়দপুর (নীলফামারী)
গত শুক্রবার স্থানীয় মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ঈদের উপহার হিসেবে ৮৫ জন বন্যার্ত নারীকে শাড়ি দেওয়া হয়।
শাড়ি বিতরণে সহযোগিতা করেন ওই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাজী রশীদুল হক সরকার।
একই দিন দিনাজপুরের পার্বতীপুরেও ৮৫ জন বন্যার্ত নারীকে ঈদ উপলক্ষে শাড়ি দেওয়া হয়েছে। বিতরণে সহযোগিতা করেন পার্বতীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খতিব অর রহমান, পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম ও পার্বতীপুর বন্ধুসভার সহসভাপতি নূরুল আলম।
রাজবাড়ী
রাজবাড়ীতে গত বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
সদর উপজেলার পদ্মাপাড়ের গোদার বাজার, মেছোঘাটা, চরনারায়ণপুর, চরসিলিমপুর, ধুঞ্চি, বেনীনগর, চর বেনিনগর, বড়লক্ষ্মীপুর, গঙ্গাপ্রসাদপুর, সোনাকান্দর, মহাদেবপুর, জৌকুরা প্রভৃতি গ্রামের বন্যার্ত মানুষদের মধ্যে ৭০টি শাড়ি ৬৫টি লুঙ্গি বিতরণ করা হয়।
(প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবরের ভিত্তিতে তৈরি প্রতিবেদন)
বন্যা ত্রাণ তহবিল
গতকাল যাঁরা সহায়তা করেছেন
আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ ও ব্যান্ড দল নাটাই যৌথভাবে ৬৫ হাজার, ফারহানা হুদা ১০ হাজার, ফারহা রহমান লিজা ১ হাজার এবং সরাসরি ব্যাংকে জমা ৫০ হাজার ৭১০ টাকা।
l গতকাল মোট জমা
১২৬,৭১০ টাকা
এ পর্যন্ত মোট জমা
৬৪,৫১,৪৬৯ টাকা
l ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত মোট বিতরণ ৬১,৬৬,২৯২ টাকার ত্রাণ।
তহবিলে অর্থ সহায়তার জন্য
প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল
হিসাব নম্বর ২০৭-২০০-১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড
কারওয়ান বাজার শাখা