এই ভালো ফল দিয়া এহন আমরা কী করুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের ভালো ফলের খবর শুনে আনন্দে আত্মহারা হওয়ার কথা আবু বকরের মায়ের। কিন্তু হয়েছে উল্টো; ফলাফল শোনার পর থেকেই শুরু হয়েছে তাঁর কান্নাকাটি। ছেড়ে দিয়েছেন নাওয়া-খাওয়া।আবু বকরের মধুপুরের গোলাবাড়ি গ্রামের বাড়িতে গতকাল বুধবার গিয়ে দেখা যায়, তাঁর মা ঘরের মধ্যে বসে শুধুই কান্নাকাটি করছেন। ছেলের ফলাফলের খবর শোনার পর থেকে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। বকরের বাবা বাড়ির পাশে অন্যের জমিতে কাজ করছিলেন। তিনি বলেন, ‘বকর আমাগো কইত, আর বেশি দিন কষ্ট করন লাগব না। পাস করলেই চাকরি হব। বকর ভালো ফল করল। এই ভালো ফল দিয়া এহন আমরা কী করুম। এ ফল আমাগো কষ্ট আর বাড়াইয়া দিল।’গোলাবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. খালেদুজ্জামান বলেন, ‘আমাদের ছাত্র এত ভালো ফল করেছে, আমাদের আনন্দে আজ মিষ্টি বিতরণের কথা। কিন্তু উল্টো শোকের সাগরে ভাসতে হচ্ছে আমাদের।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। এতে বকর যুগ্মভাবে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। বকরের এক সহপাঠী ফোন করে তাঁর বাবা ও মাকে তাঁদের ছেলের প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার খবরটি জানান। এর পর থেকেই শুরু হয় বকরের পরিবারের সবার কান্না। ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় মাথায় আঘাত পান বকর। ৩ ফেব্রুয়ারি সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।