এই মন্ত্রিসভাকে স্থবির মন্ত্রিসভা বলছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী বলেছেন, এই মন্ত্রিসভা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন তো দূরে থাক, শেখ হাসিনার স্বপ্নও বাস্তবায়িত হবে কি না সন্দেহ। আজ দেশের মানুষ এই মন্ত্রিসভাকে ‘স্থবির মন্ত্রিসভা’ বলছে। তাঁর মতে, অযোগ্য ব্যক্তিদের দিয়ে ভালো কাজ আশা করা যায় না।সরকারদলীয় এই সাংসদ মন্ত্রিসভাকে দুর্বল আখ্যা দিয়ে আরও বলেন, অদক্ষ ব্যক্তির কাছ থেকে দক্ষতা আশা করা যায় না এবং জ্ঞানহীনদের কাছ থেকে জ্ঞান অর্জন করাও সম্ভব নয়। যাঁরা জনগণের দুঃখ-বেদনা বোঝেন না, তাঁরা যদি নেতৃত্বে থাকেন তাহলে কোনো দিন দেশের কোনো সমস্যার সমাধান হবে না।গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা, সুশাসন ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রহমত আলী এসব কথা বলেন।রহমত আলী বলেন, ‘প্রতিটি ইউনিয়নের জন্য দুই কোটি টাকা বরাদ্দ করা হয়। এই টাকার খোঁজও পাওয়া যায় না। উপজেলা থেকে টাকা আনতে গিয়ে সেখানেই ১০ শতাংশ দিয়ে আসতে হয়। আমার এলাকায়ও এই ১০ ভাগ দেওয়ার অনিয়ম আমি নিজেই বন্ধ করতে পারিনি।’ আওয়ামী লীগের এই প্রবীণ নেতা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবিধান যদি সর্বোচ্চ আইন হয়, তাহলে নারীর অধিকার আজ কোথায়? তিনি বলেন, ‘একটি আইন পছন্দ হয়নি বলে সেটিকে সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছিলাম। কিছু প্রস্তাবও করেছিলাম। কিন্তু আইনটি আবার আগের মতোই ফেরত এল। এখন আমার পছন্দ না হলেও আইনটি পাস করে দিতে হবে। আমলাদের মাধ্যমে এ রকম আমলাতন্ত্রের আইনই আসবে, যা দেশের কল্যাণ বয়ে আনবে না।’রহমত আলী দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি পরিকল্পনার উল্লেখ করে বলেন, এখন দেখা যায় সেই ‘একটি বাড়ি একটি খামার’ নিয়ে যা করা হচ্ছে তা রীতিমতো হাস্যকর। আগে একজন প্রধানমন্ত্রী ছাগল কিনেছেন। তখন সবাই তাঁকে ছাগলের প্রধানমন্ত্রী বলেছেন। আর এখন গরুর প্রধানমন্ত্রী বলবে। একটু বড় হয়েছে এই যা।মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রধান অতিথির এমন বক্তব্যের সূত্র ধরে বলেন, ‘গত সংসদ নির্বাচনের পর মহিলা পরিষদের অত্যন্ত আশাব্যঞ্জক সমাবেশ হয়েছিল। অথচ আজ সাংসদের মুখেও হতাশার বাণী। আমরা আশা করব, সরকার জনগণের জন্য কাজ করবে। গণতন্ত্র রক্ষার দায়িত্ব সরকার ও আমলা উভয়ের। একে অন্যের শত্রু নয়। পরিপূরক হয়েই কাজ করতে হবে।’কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। মুখ্য বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান সালাহউদ্দিন এম আমিনুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ মেহের আফরোজ প্রমুখ।