এই মুহূর্তে হেনা দাসের মতো মানুষের প্রয়োজন ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেছেন, ‘প্রতিদিন পত্রিকায় নারী লাঞ্ছনার খবর পড়তে হচ্ছে। এই বিকৃতির কারণ, মূল্যবোধ চর্চার অভাব। সমাজকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটি চক্র খুব সক্রিয়। এই মুহূর্তে হেনা দাসের মতো মানুষের প্রয়োজন ছিল।’গতকাল বুধবার ব্রিটিশবিরোধী আন্দোলন, নানকার আন্দোলন, মুক্তিযুদ্ধসহ মানবমুক্তি আন্দোলনের নেতা হেনা দাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাংলাদেশ মহিলা পরিষদ সংগঠনের সাবেক সভাপতি হেনা দাসের স্মরণে এ সভার আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। এতে পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সংগঠনের তরুণ সদস্য জয়নব বিনতে হোসেন এবং হেনা দাসের পরিবারের সদস্য নবনীতা ইসলাম বক্তব্য দেন।আয়শা খানম বলেন, ‘বাংলার মাটি থেকে রস সঞ্চয় করে যাঁরা আমাদের জাগরণ সম্পন্ন করেছেন, ইতিহাসে সেই সব ব্যক্তির তালিকায় হেনা দাসের নাম উজ্জ্বলভাবে লেখা থাকবে। নেতা হেনা দাসের সঙ্গে ব্যক্তি হেনা দাসের যে কোনো পার্থক্য নেই, এটাই আগামী প্রজন্মের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে।’নবনীতা ইসলাম বলেন, ‘হেনা দাস আধুনিক ও প্রগতিশীল মানুষ ছিলেন। সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটে চলেছে। অসাম্প্রদায়িকতার কথা বলা যায়, কিন্তু পারিবারিক জীবনে এই মূল্যবোধের চর্চা করে গেছেন হেনা দাস।’সভায় হেনা দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গেয়ে শোনান শিল্পী সুস্মিতা আহমেদ। সভা পরিচালনা করেন আয়োজক সংগঠনের সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম। বিজ্ঞপ্তি।