‘হাফিজুর হত্যার’ প্রতিবাদে ৯টি ছাত্রসংগঠনের বিক্ষোভ
এই মৃত্যুর দায় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী হাফিজুর মোল্লার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে অভিযোগ করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন নয়টি ছাত্রসংগঠনের নেতারা। তাঁরা বলেন, এ মৃত্যুর দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিতে হবে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করা হয়।
হাফিজুর ‘হত্যার’ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পাঁচটি ছাত্রসংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট অপরাজেয় বাংলার সামনে এবং চারটি সংগঠনের জোট সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য প্রক্টর কার্যালয়ের সামনে সমাবেশ করে। এর আগে দুটি জোটের নেতা-কর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাফিজুর মোল্লা ২ ফেব্রুয়ারি মারা যান। তিনি সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের বারান্দায় থাকতেন। পরিবারের অভিযোগ, শীতে হলের বারান্দায় থাকা ও রাতে ছাত্রলীগের কর্মসূচিতে নিয়ে যাওয়ায় হাফিজুর ঠান্ডায় আক্রান্ত হন। এতে তাঁর নিউমোনিয়া ও টাইফয়েড হয় এবং পরে তিনি মারা যান।
অপরাজেয় বাংলার সামনে সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ঐক্য ফোরামের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়কে কারাগারে পরিণত করা হয়েছে। হলে থাকতে দেওয়ার শর্তে ছাত্রদের রাজনৈতিক কর্মসূচিতে যেতে বাধ্য করা হয়। হলের অমানবিক পরিবেশের কারণেই হাফিজকে অসুস্থ হয়ে বাড়ি যেতে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের যাঁরা দায়িত্বপ্রাপ্ত, তাঁরা দায়িত্বে অবহেলা করছেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কেবল ছাত্রলীগের অভিভাবকত্ব করে। ক্ষমতাসীনদের কাছে নাকে খত দিয়ে শিক্ষার্থীদের হলে থাকতে হয়।
সমাবেশ থেকে ১৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলায় ছাত্র-শিক্ষক-অভিভাবক সংহতি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রক্টর কার্যালয়ের সামনে সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একাংশ, পাহাড়ি ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও ছাত্র গণমঞ্চের নেতা-কর্মীরা। তাঁরা বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি হত্যাকাণ্ড।