‘আমার স্বামীর মৃত্যুর বিনিময়ে কি চুক্তি (পার্বত্য চুক্তি) বাস্তবায়িত হবে? কার কাছে, কিসের বিচার চাইব। এভাবে মারামারি করে তো আমরা শেষ হয়ে যাব। আমার অনাগত শিশুর ভবিষ্যত্ কী হবে?’ রাঙামাটির জুরাছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক দেমপেদা চাকমার স্ত্রী রেগনা চাকমা (১৮) কান্নায় বুক ভাসিয়ে গত বুধবার সকালে এসব প্রশ্ন করেন। গত মঙ্গলবার বিকেলে স্বামী নিহত হলেও রেগনা জানতেন না। তিনি তখন বড় বোনের বাড়িতে ছিলেন। সেখান থেকে বুধবার সকালে ফিরে স্বামীর মৃত্যুর খবর পান। আট মাসের অন্তঃসত্ত্বা রেগনা চাকমা বলেন, মৃত্যুর মাত্র দুই দিন আগে স্বামী তাঁকে বলেছিলেন, ‘বোনের বাড়ি থেকে ঘুরে আসো, আমিও কিছু টাকার ব্যবস্থা করি। তারপর রাঙামাটি গিয়ে তোমার স্বাস্থ্য পরীক্ষা করাব। সেখানে বুঝতে পারব, আমাদের প্রথম সন্তান ছেলে, না মেয়ে হবে।’রেগনা আরও বলেন, ‘আজ (বুধবার) বাগানের কিছু জিনিস রাঙামাটি গিয়ে বিক্রি করে টাকা নিয়ে ফেরার কথা ছিল দেমপেদার। তারপর দুজনে মিলে যেতাম চিকিত্সকের কাছে।’ এ কথা বলার সময় বুক চাপড়ে কেঁদে ওঠেন রেগনা। এ সময় উপস্থিত সবার চোখে ছলছল করে ওঠে। মঙ্গলবার বিকেলে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়ায় একদল সন্ত্রাসীর গুলিতে ইউপিডিএফ সমর্থক দেমপেদা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জুরাছড়ি শাখার সহসভাপতি রাজু চাকমা নিহত হন। আহত হন একজন। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চুক্তির সমর্থক ও বিরোধী আদিবাসীদের মধ্যে জুরাছড়ি উপজেলায় কয়েক দিন পর পর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে গত ছয় মাসে কমপক্ষে সাতজন নিহত এবং বেশ কয়েকজন অপহূত অথবা নিখোঁজ হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জুরাছড়ি থানায় মামলা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। এদিকে নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আহত লক্ষ্মীরাজ চাকমার চিকিত্সা চলছে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার ইউপিডিএফ জুরাছড়িতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের নেতা রিটন চাকমা, পরেশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের টিটু বিকাশ চাকমা প্রমুখ।