
আমরা আমাদের রাজনৈতিক ঐতিহ্য ও গণতন্ত্র নিয়ে সংগতভাবেই গর্ব বোধ করি। রাজনৈতিক সচেতনতা ও রাজনৈতিক সংস্কৃতির শক্তির কারণেই আমরা পাকিস্তানি সামরিক স্বৈরশাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। পরবর্তী কালে স্বাধীন বাংলাদেশে সামরিক স্বৈরশাসকদের বিরুদ্ধে, বিশেষত জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রামেও আমাদের উদ্বুদ্ধ করেছে সেই একই রাজনৈতিক ঐতিহ্য ও সংস্কৃতি।
এই মহান ঐতিহ্য নিয়েই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও তাকে শক্তিশালী করার পথে যাত্রা শুরু করি ১৯৯১ সালে। তার পর থেকে এ পর্যন্ত আমরা গর্বের সঙ্গে বলতে পারি, অন্য অনেক উন্নয়নশীল দেশে যা ঘটেনি, বাংলাদেশে আমরা তা ঘটাতে পেরেছি। আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত একের পর এক সুষ্ঠু ও অবাধ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হয়ে আসছে।
১৯৯১ সাল থেকে এ পর্যন্ত ২২ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়ে আসছে হয় শেখ হাসিনা ও তাঁর দলের দ্বারা, নয় খালেদা জিয়া ও তাঁর দলের দ্বারা। উভয় নেতাই আকর্ষণীয়ভাবে প্রবল ব্যক্তিত্বের অধিকারী; উভয়েই নিজ নিজ দল ও সরকার পরিচালনা করে আসছেন লৌহদৃঢ় হাতে। তাঁরা কখনো নিজ দলের ভেতরে নেতা-কর্মীদের এবং নিজ সরকারের মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধ মত বরদাশত করেন না; উভয় নেতাই নিজ নিজ দল ও সরকার পরিচালনা করেন সম্পূর্ণ একক হাতে। এমনকি, যখন তাঁরা রাষ্ট্রক্ষমতার বাইরে থাকেন, তখনো দলীয় ও জাতীয় সব ব্যাপারে তাঁদের অপ্রতিদ্বন্দ্বী প্রভাব থেকে যায়।
অতএব, আমরা বলতে পারি, ১৯৯১ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে ইতিবাচক যা কিছু ঘটেছে, তার কৃতিত্ব হয় শেখ হাসিনার, নয় খালেদা জিয়ার। দুজনের মধ্যে কার নেতৃত্ব শ্রেয়তর ছিল, দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে দুজনের মধ্যে কে বেশি ভালো করেছেন, তা নিরূপণের কাজটি ইতিহাসবিদদের। আমরা আজ যে কথাটি বলতে চাই, তা হলো ইতিবাচক অর্জনগুলোর কৃতিত্ব যেমন তাঁদের, এই দেশে নেতিবাচক যা কিছু ঘটেছে, সেসবের দায়দায়িত্বও তেমনিভাবে তাঁদের ওপরই বর্তায়। ইতিবাচক ও নেতিবাচকের হিসাব কষতে গিয়ে আমরা মোটা দাগে বলতে পারি যে ইতিবাচক অর্জন ঘটেছে অর্থনীতির ক্ষেত্রে আর নেতিবাচক প্রবণতাগুলো দৃশ্যমান হয়েছে রাজনীতিতে।
১৯৯১ সাল থেকে আজ অবধি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটেছে। আমাদের জিডিপিতে কমবেশি ৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। আমাদের সামাজিক উন্নয়নের সূচকগুলো তাৎপর্যপূর্ণভাবে উন্নত হয়েছে এবং এ ক্ষেত্রে আমরা দক্ষিণ এশীয় অঞ্চলের মধ্যে সবচেয়ে অগ্রগামী দেশগুলোর তালিকায় স্থান করে নিতে পেরেছি। অতি সম্প্রতি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে।

এসব অর্জনের কৃতিত্ব ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত সব সরকারেরই প্রাপ্ত, কারও একটু বেশি, কারও একটু কম। এই কৃতিত্বের ভাগ আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের একাংশ, সামাজিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ এবং অবশ্যই এনজিওদের মূলধারাসহ অন্য অংশীদারদেরও প্রাপ্য।
এসবের সঙ্গে তুলনায় রাজনীতির চিত্রটি বড়ই দুঃখজনক। আমরা যখন পাকিস্তানের অধীনে ছিলাম, তখন আমরা বাঙালিরা সব সময়ই বিশিষ্ট ছিলাম আমাদের রাজনৈতিক সচেতনতা ও তীক্ষ বিচার-বুদ্ধির কারণে। সেই সচেতনতাই বেগবান করেছিল আমাদের জাতীয়তাবোধকে, যার চূড়ান্ত অভিপ্রকাশ ঘটেছিল আমাদের মুক্তিযুদ্ধে।
কিন্তু স্বাধীন বাংলাদেশে আমাদের ইতিহাস হয়েছে মর্মান্তিকভাবে অন্য রকম। এই নিবন্ধের বিষয়বস্তুর কারণে আমরা মনোযোগ নিবদ্ধ করতে চাই ১৯৯১-পরবর্তী সময়ের দিকে; এই পর্বে আমাদের সবচেয়ে বড় দুটি ব্যর্থতার একটি হলো গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে ব্যর্থতা, অন্যটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে ব্যর্থতা। প্রকৃতপক্ষে এই দুটি ক্ষেত্রেই আমরা সামনে না এগিয়ে বরং পিছিয়ে গেছি; আজকের বাস্তবতা হচ্ছে, আমরা এই মুহূর্তে তীব্রতম রাজনৈতিক সংকটের মুখোমুখি।
এমন সংকটে আমরা উপনীত হয়েছি এ কারণে যে, আওয়ামী লীগ ও বিএনপি—এই দুটি প্রধান দল ও তাদের দুই প্রধান নেতা গণতন্ত্রকে শক্তিশালী করে এমন প্রতিষ্ঠানাদি গড়ে তোলার ক্ষেত্রে কার্যত তেমন কিছু করেননি। বস্তুত, বিদ্যমান শাসনকাঠামোগুলো তাঁরা ধ্বংস করেছেন, অথবা নামেমাত্র অনুসরণ করে গেছেন এবং নিজেদের শাসনকে এক ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থায় পরিণত করেছেন। গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ যে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে প্রতিফলিত হয়, সেটি হচ্ছে জাতীয় সংসদ। এই মহান প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে সংসদ বর্জনের সংস্কৃতি। ১৯৯১ সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি সরকারের আমলে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই যখন যে সংসদে বিরোধী দলে থাকে, প্রথম কয়েক মাস ছাড়া পুরোটা মেয়াদে সংসদের অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত থেকেছে। ফলে শাসকপক্ষের ক্ষমতার অপব্যবহার রোধের এবং নজরদারির পুরো ব্যবস্থাটি ভেঙে পড়েছে। তার ফলে আমরা পেয়েছি আক্ষরিক অর্থেই অনিয়ন্ত্রিত সরকার। ১৯৯১-পরবর্তী সব সরকারই শাসন পরিচালনা করেছে সংসদের কাছে কোনো জবাবদিহি ছাড়াই; নিজের ইচ্ছামতো দেশ পরিচালনায় নির্বাহী বিভাগ সর্বময় ক্ষমতা ভোগ করে আসছে।
একই রকমের নিয়তির শিকার হয়েছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোও। নির্বাচন কমিশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের দৃষ্টান্ত নেওয়া যাক। এই প্রতিষ্ঠানের ওপর জনগণের সামগ্রিক আস্থার অভাব এত প্রকট এই কারণে যে, নির্বাচন কমিশনারদের নিয়োগ-প্রক্রিয়া কখনোই পরিপূর্ণভাবে সন্তোষজনক হয়নি। যখনই রাজনৈতিক সরকারগুলো নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছে, তখনই তাঁরা কারসাজি ও প্রভাবের বিষয় হয়েছেন। নির্বাচন কমিশন গঠনের জন্য বিরোধী দলের সঙ্গে আলোচনা করে যোগ্য ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য একটি অনুসন্ধান কমিটি গঠনের একটি গ্রহণযোগ্য পদ্ধতি চালু করার ক্ষেত্রে কোনো দল কিছুই করেনি। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কেও প্রচলিত ধারণার কোনো হেরফের ঘটেনি, যদিও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগের প্রতি তাঁর সুবিদিত আনুগত্য, নমনীয় ব্যক্তিত্ব এবং বয়সের কারণে নির্বাচন কমিশনারদের চূড়ান্ত মনোনয়ন সবার কাছে সম্পূর্ণভাবে প্রশ্নের ঊর্ধ্বে ওঠেনি। উপরন্তু প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাররা তাঁদের দায়িত্ব পালনের পুরোটা সময় নিজেদের স্বাধীন, স্বতন্ত্র ভাবমূর্তি গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। এমন একটি সাধারণ ধারণা রয়েছে যে বর্তমান নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে নিজেকে পূর্ববর্তী নির্বাচন কমিশনের চেয়েও হীনবল করেছে। গুরুতর নির্বাচনী অপরাধের কারণে কোনো ব্যক্তির প্রার্থিতা বাতিল করার ক্ষমতা পরিত্যাগের প্রস্তাব দিয়ে—যা পরে সমালোচনার মুখে পড়ে প্রত্যাহার করা হয়েছে—নির্বাচন কমিশন নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে পারেনি।
গণপ্রতিনিধিত্ব আদেশ-সংক্রান্ত সদ্য পাস হওয়া আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি দল পরিবর্তন করলে নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার ক্ষেত্রে সময়সীমার কোনো বাধা আর থাকবে না। অথচ এই আইনে আগের বিধান ছিল, দল পরিবর্তন করলে কেউ ন্যূনতম তিন বছর অতিক্রান্ত হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নতুন বিধানটির ফলে ‘মনোনয়ন-বাণিজ্যের’ দরজা আবার খুলে যাবে, কেননা সুযোগসন্ধানী প্রার্থীরা অর্থের বিনিময়ে মনোনয়ন ক্রয়ের জন্য এক দল থেকে অন্য দলে যোগ দেবেন। নির্বাচন কমিশন সম্প্রতি যে নির্বাচনী আচরণবিধি তৈরি করেছে, সেটিও আগেরগুলোর থেকে তুলনামূলকভাবে দুর্বল হয়েছে, যার ফলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির ওপর জনসাধারণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে।
বিচারব্যবস্থার উচ্চতর অংশ, যা কিনা গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুঁটি, সেখানেও বিচারকদের নিয়োগ-প্রক্রিয়ায় প্রত্যাশিত স্বাধীনতা কখনো ছিল না। বিচারক মনোনয়ন-প্রক্রিয়ায় প্রধান বিচারপতির দৃঢ় ভূমিকা কখনোই ছিল না। এমনকি বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করার যে সাংবিধানিক বিধান রয়েছে, সেটিকেও একটি কার্যকর অনুশীলনে পরিণত করা হয়নি। ফলে বিচারক নিয়োগের ক্ষেত্রে নির্বাহী বিভাগের প্রভাব বর্তমানের একটি বাস্তবতা। আমাদের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে ব্যর্থতার পেছনে এটিও একটি কারণ।
আরেকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়, এটি দেশের সর্বোচ্চ অডিট কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানসহ অন্যান্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যেমন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ইত্যাদিও এতই দুর্বল যে, তাদের পক্ষে সরকারের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়।
আমাদের রাজনৈতিক নেতৃত্বের আরেকটি বড় ব্যর্থতা হচ্ছে একটি অগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, যার পৃষ্ঠপোষকতা তাঁরা করে চলেছেন। এই অগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সর্বাধিক জলজ্যান্ত দৃষ্টান্ত হচ্ছে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের অনুপস্থিতি। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের মধ্যেই গণতান্ত্রিক অনুশীলনের অনুপস্থিতি প্রকট। এই দুটি দলের কর্মপদ্ধতি সম্পূর্ণরূপে এক ব্যক্তিকেন্দ্রিক, যা কিনা নেতৃত্বে ওঠার সিঁড়িকে সুগম করে রাজনৈতিক ও আদর্শিক অঙ্গীকারের পরিবর্তে তোষামোদি ও চাটুকারিতা। বছরের পর বছর ধরে এই অনুশীলনের ফলে আমাদের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যকার যোগ্য ও সৎ নেতা-কর্মীদের হটিয়ে দিয়ে কিছু উল্লেখযোগ্য ব্যতিক্রম ব্যতিরেকে সামনে এগিয়ে এসেছে স্বার্থপর, ভাগ্যান্বেষী সুযোগসন্ধানী ও অপরাধীরা। এভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা থেকে আমরা বঞ্চিত হয়েছি।
অগণতান্ত্রিক সংস্কৃতির আরেকটি বিরাট উপমা হচ্ছে হরতালের নিয়মিত ব্যবহার। ক্ষমতায় থাকলে রাজনৈতিক দল এবং তার নেতা-নেত্রীরা হরতালের বিভীষিকাময় পরিণতি সম্পর্কে ক্রমাগত বলতে থাকেন, সেই একই দল এবং একই নেতা-নেত্রীরা বিরোধী দলে গেলে তা নিয়মিতভাবে প্রয়োগ করেন। এর ফলে একদিক থেকে ধ্বংসাত্মক রাজনৈতিক সংস্কৃতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ঠিক একইভাবে নেতা-নেত্রীদের বক্তব্যের মধ্যে যে সততার অভাব, নৈতিকতার অভাব, আন্তরিকতার অভাব, তা জনমনে সুস্পষ্টভাবে বেরিয়ে আসছে। হরতালের আরেকটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক প্রভাব রাজনৈতিক দুর্বৃত্তায়ন। দুঃখজনক হলেও সত্য, আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে অসৎ ও গুন্ডা প্রকৃতির লোকজনের প্রাদুর্ভাব অতীতের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।
তাই এখনকার প্রশ্ন হচ্ছে, বর্তমানের রাজনীতি আমাদের জন্য কী ধরনের ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করছে। আমরা যখন সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রয়াসে আমাদের উৎসাহ-উদ্দীপনা ব্যয় করছি, তখন যে প্রশ্নটি আপনা থেকেই উঠে আসছে, তা হলো নির্বাচনের পর কী হবে। যারা শাসনক্ষমতা পাবে, তারা কি বিরোধী দলের সঙ্গে নিজেদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ করবে? বিরোধী দল কি সংসদ বর্জনের সংস্কৃতি পরিত্যাগ করবে? আমরা কি হরতাল ও সহিংসতার ধ্বংসাত্মক রাজনীতি থেকে মুক্ত হব? আমরা কি অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুকূল শান্তিপূর্ণ পরিবেশ পাব?
দুর্ভাগ্যের বিষয়, আজ আমরা এসব প্রশ্নের উত্তরের ধারেকাছেও নেই।
ইংরেজি থেকে অনূদিত
মাহফুজ আনাম: সম্পাদক, ডেইলি স্টার