সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সাইক্লোন ও সিডরের মতো এই রাজনৈতিক বৈকল্যও টিকে থাকতে পারবে না। তাই বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ১৫তম সমাবর্তন অনুষ্ঠানে হাবিবুর রহমান এ কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠানে তিনি ছিলেন সমাবর্তন বক্তা।
হাবিবুর রহমান বলেন, এই পরিস্থিতি উবে যাবে। সব বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা অবশ্যই বিজয়ী হবে। রাষ্ট্রপতির অনুমতিক্রমে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওমর রহমান।
এবার স্নাতক পর্যায়ে এক হাজার ২৪৬ জন এবং স্নাতকোত্তরে ৭০৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। তাঁরা হলেন স্নাতকে তানজীনা আহমেদ চৌধুরী ও নাজিয়া সুলতানা এবং স্নাতকোত্তরে শম্পা সাদিয়া, সায়েমা সুলতানা ও আহমেদ মুফাচ্ছির মাসুম।
সমাবর্তনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইইউবির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রাশেদ চৌধুরী, আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান সাইফুর রহমান ও রেজিস্ট্রার তানভীর এ খান।
সমাবর্তনের শুরুতে সদ্যপ্রয়াত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি।