এই রায় নিয়ে বেশি আশঙ্কা ছিল: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, মীর কাসেম আলীর মামলার রায় নিয়ে আমরা সবচেয়ে বেশি আশঙ্কায় ছিলাম। কারণ, লোকটি বিত্তশালী। টাকা-পয়সা দিয়ে অনেক কিছুই পাল্টে দেওয়ার ক্ষমতা তাঁর আছে।

আজ রোববার মানবতাবিরোধী অপরাধের দায়ে কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর অন্যতম অধিনায়ক ও চট্টগ্রাম গণহত্যার হোতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় দেওয়ার পর টেলিফোনে প্রথম আলোর কাছে এভাবেই প্রতিক্রিয়া জানান ইমরান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রায় ঘোষণার প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার বলেন, ১৯৭১ সালের পর মূলত মীর কাসেম আলীর টাকার বদৌলতে জামায়াত আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তাঁর প্রচেষ্টায় জামায়াত নিজেদের ছাত্র সংগঠন ছাত্রশিবির গঠন করে। এ ছাড়া তিনি বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন, যা মূলত রাজনীতিতে জামায়াতকে অর্থের জোগান দিয়ে থাকে।

মীর কাসেম আলীর হয়ে টাকা লেনদেনের কারণেই আন্তর্জাতিক মহলে অনেকে এই বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে মন্তব্য করেন ইমরান সরকার। তিনি বলেন, মীর কাসেম আলী পুরো বিচার-প্রক্রিয়াকে ভন্ডুল করার জন্য আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছিলেন। লবিস্টরা বিচার-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে সর্বোচ্চ তৎপরতা চালিয়েছিলেন। যে কারণে গণজাগরণ মঞ্চ শুরু থেকে এই রায় নিয়ে শঙ্কিত ছিল।

আজকের রায় সম্পর্কে ইমরান বলেন, এই রায়ে আমরা আশান্বিত হয়েছি। তা সত্ত্বেও আশঙ্কা কাটেনি। কারণ, এখনো আপিল বিভাগের রায় ঘোষণা বাকি আছে। সুতরাং, চট্টগ্রামের গুপ্তঘাতক মীর কাসেম শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন। আমরা আশা করব, আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় বহাল রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন।