এই রায় ভুল, আপিল করা হবে: রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন তাঁর আইনজীবী। রায় ঘোষণার পর গতকাল বুধবার বিকেলে মুজাহিদের প্রধান আইনজীবী (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিবাদীপক্ষের আইনজীবীদের প্রধান) আবদুর রাজ্জাক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান। রাজধানীর ধানমন্ডির বাসায় আয়োজিত ব্রিফিংয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘এই রায়ে আমরা সংক্ষুব্ধ। মাননীয় বিচারপতিদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তাঁদের এই রায় সম্পূর্ণ ভুল। তাঁরা আন্তর্জাতিক আইন অনুধাবন করতে এবং এর সঠিক ব্যাখ্যা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাঁরা যে রায় দিয়েছেন, তা আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী।’ রাষ্ট্রপক্ষ মুজাহিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন দাবি করে আবদুর রাজ্জাক বলেন, ‘মুজাহিদের বিরুদ্ধে আনা অভিযোগে মানবতাবিরোধী অপরাধের কোনো উপাদান নেই। আইনের দৃষ্টিতে এ রায় কোনো রায়ই নয়। এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, মুজাহিদের বিচার-প্রক্রিয়া যে রাজনৈতিক কারণে হচ্ছে, সেটা তাঁরা আদালতে উত্থাপন করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও গোলাম আযমের ৯০ বছরের আর মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাজ্জাক বলেন, ‘দুটি ভিন্ন রায় এবং ট্রাইব্যুনালও ভিন্ন। এই নিয়ে কিছু বলতে চাই না।