
বিদ্যালয় থেকে বাসায় ফেরার পর দেবলীনা আগে গান শুনত। এখন সে ব্যস্ত হয়ে পড়ে বিদ্যালয়ের ইউনিফর্ম (পোশাক) ধোয়ার জন্য। কেন?
চটজলদি উত্তর দেবলীনার: ‘আপনি জানেন না, বাসা থেকে বের হওয়া যায় না। তাঁতীবাজারের পুরো রাস্তায় আবর্জনা। হাঁটাচলা একরকম বন্ধ।’
রাজধানীর বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে দেবলীনা। তাদের বাসা তাঁতীবাজার প্রসন্ন পোদ্দার লেনে। রোজ রাস্তার ধুলো, আবর্জনা মাড়িয়ে তাকে বিদ্যালয়ে যেতে হয়। ওই পোশাক না ধুয়ে সে আর পরতে চায় না।
প্রায় আধা কিলোমিটারজুেড় তাঁতীবাজার এলাকার রাস্তার এই দুরবস্থায় ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। তাঁরা বলছেন, ক্রেতারা এই রাস্তায় আসতে চান না। গয়নার দোকানিদের দাবি, তাঁদের বেচাকেনা কমে গেছে।
রাজধানীর অন্যতম ঘনবসতি এলাকা তাঁতীবাজারে তিন সপ্তাহ ধরে চলছে এ অবস্থা। এতে বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীসহ কয়েক লাখ লোক ভোগান্তিতে পড়েছেন।
তবে সিটি করপোরেশন বলছে, উন্নয়নকাজ চললে একটু সমস্যা হতেই পারে। এটি মেনে নিতে হবে। তাঁতীবাজার এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪ নম্বর অঞ্চলের অধীন। এই অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তানভীর হোসেন প্রথম আলোকে বলেন, যেকোনো সংস্কারকাজ চলাকালে সমস্যা একটু হতেই পারে। তার পরও দ্রুত কাজ শেষ করার চেষ্টা থাকবে।
গতকাল মঙ্গলবার সকালে তাঁতীবাজার এলাকায় গিয়ে দেখা যায়, আবর্জনা, নির্মাণসামগ্রী, ভেঙে ফেলা নালার বিভিন্ন অংশ সরু গলির রাস্তায় জড়ো করে রাখা হয়েছে। কোনো রকমে তার ফাঁকফোকর গলে হাঁটার সুযোগ পাচ্ছে মানুষ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র বলছে, ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা, ফুটপাত উন্নয়ন প্রকল্পের আওতায় তাঁতীবাজারের ড্রেনেজ লাইন সংস্কার চলছে। এ জন্য ব্যয় হবে ২৮ কোটি টাকা।
সংস্কারকাজ চলার সময়ই তিন দিন আবর্জনার স্তূপে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে পড়েছে কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র অমিয়। তাদের বাসা তাঁতীবাজারের সুতারনগর গলিতে। তার কথা, ‘এই রাস্তা দিয়ে স্কুলে যেতে ইচ্ছা করে না।’
তাঁতীবাজারের ভেতরেই রয়েছে প্রসন্ন পোদ্দার লেন, সুতারনগর, নবরায় লেন। পাশে রয়েছে বাসাবাড়ি লেন, পানিটোলা, ঝুলনবাড়ি, শাঁখারীবাজার। এমনকি পাটুয়াটুলী, নবাববাড়ী, ইসলামপুরের ব্যবসায়ী বা ক্রেতারাও দ্রুত যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করেন। এখন তাঁদের অন্য পথ দিয়ে যেতে হচ্ছে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা থেকে যাতে নর্দমার ভাঙা ঢাকনা ও আবর্জনা সরিয়ে নেওয়া হয়, দ্রুত সে ব্যবস্থা করা হবে।