এই শহরের গাছ মতিন
নানা ধরনের গাছ নিয়ে অপেক্ষা করছে একটি সবুজ রিকশাভ্যান। তাতে দাঁড়িয়ে আছেন মধ্যবয়সী এক লোক। মাথায় হেলমেট। তার ওপরে দুটি বাক্সে বেশ কয়েকটি গাছ। হাতে মাইক নিয়ে তিনি অনর্গল বলে যাচ্ছেন। আগ্রহ নিয়ে কাছে যেতেই শোনা গেল তিনি বলছেন গাছপালার উপকারিতা, প্রয়োজনীয়তা সম্পর্কে।
কারওয়ান বাজারে গত শুক্রবার বিকেলের দৃশ্য এটি। মাথার ওপরে গাছের কারণেই লোকজন অবাক চোখে তাঁকে দেখছে। কিন্তু তিনি কখনো নিম, কখনো চই ঝাল কখনো অন্য গাছ নিয়ে বলেই চলেছেন। একপর্যায়ে আলাপ হলো তাঁর সঙ্গে। জানালেন, তাঁর নাম এম এ মতিন। নিজেকে পরিচয় দিলেন ‘বৃক্ষপ্রেমিক’ হিসেবে। বললেন, পরিচিতরা তাঁকে ‘গাছ মতিন’ বলে।
আবদুল মতিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গাছ বিক্রি তাঁর পেশা নয়। অফিস শেষ করেই ভ্যান নিয়ে বের হন রাস্তায়। অবসর সময় পেলেই তিনি গাছ লাগানোর পক্ষে প্রচারণা চালান। গাছের জন্য তাঁর এই ভালোবাসা চার দশকের।
মতিন থাকেন ঢাকার উত্তর বাড্ডায়। চেষ্টা করেন শুদ্ধ বাংলায় কথা বলার। মাইকে তাঁর বক্তব্যে শোনা যাচ্ছে—জীবিকার জন্য গাছ। জীবনের জন্য গাছ। বাবা আদম ও হাওয়ার আমল থেকে এখনো পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে গাছ। কোনো একটা অঞ্চলের প্রকৃতি বাঁচাতে ২৫ শতাংশ গাছ দরকার। কিন্তু বাংলাদেশে সেটি নেই। সামনে জমির পরিমাণ আরও কমবে। কাজেই ঘরের ছাদে, বাসার ভেতরে যেখানে পারেন গাছ লাগান। কথার ফাঁকে ফাঁকে বলছেন, ‘ছাদে বাগান বানাব ধাপে ধাপে, গাছ লাগাব ষোলো কোটি মানুষের খেদমতে।’
মতিনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা। জন্ম ১৯৬৬ সালে। সেই কিশোর বয়স থেকেই গাছ ভালো লাগে তাঁর। ১৯৭৯ সাল থেকে নিয়মিত গাছ নিয়ে আছেন। প্রতিবছর বৃক্ষমেলায় অংশ নিচ্ছেন। তবে বৃক্ষ পরিচর্যা বিষয়ে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নেই। নিজের অভিজ্ঞতা থেকেই গাছ লাগানোর নানা ধরনের কৌশলের কথা বলেন তিনি। তাঁর মতে, কেবল বাসার ছাদ নয়, গোটা বাংলাদেশকেই একটি বোটানিক্যাল গার্ডেনে পরিণত করা সম্ভব। এ জন্য ঘরের মধ্যে, বাইরে, রাস্তার ডিভাইডারে—সব জায়গায় গাছ লাগাতে হবে।
আলাপ করতে করতে আবদুল মতিন জানালেন, কিছুদিন আগে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন রাস্তা সংস্কারের জন্য একটি বেলগাছ কেটেছে। তিনি তখন ডিএনসিসির মেয়রের কাছে চিঠি লিখে যেখানে বেলগাছটি কাটা হয়েছে, সেখানে দুটি গাছ লাগানোর অনুমতি চান।
গাছপালা নিয়ে খবরের কাগজের যেখানে যে খবর আসে, তা সংগ্রহে রাখেন আবদুল মতিন। এতে তাঁর নিজের জানাশোনার পরিধিও বাড়ে। আবার সেগুলো ফটোকপি করে বিতরণও করেন মানুষের মধ্যে। গাছের প্রতি অপরিসীম ভালোবাসা দিয়েই তিনি গড়ে তুলেছেন দুটি নার্সারি। একটি কুমিল্লা বনসাই সোসাইটি, আরেকটি ঢাকা ডিজিটাল নার্সারি। মতিন জানালেন, তিনি যেকোনো অফিস বা বাসায় একেকটি গাছের টব এক মাসের জন্য ভাড়া দেন। বিনিময়ে পান ১০০ টাকা। নিজে গিয়ে পৌঁছে দেন। আবার মাস শেষে ফেরত নিয়ে আসেন। কারণ একটা গাছ কাচের ঘরের মধ্যে এক মাস থাকলে পরে তার আলো-বাতাসে থাকা প্রয়োজন হয়।
ভবিষ্যৎ ইচ্ছে কী, জানতে চাইলে তিনি বলেন, গুলশানের যেকোনো একটি লেকের পানিতে ভাসমানভাবে নার্সারি গড়ে তোলার ইচ্ছা তাঁর। এ জন্য তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে অনুমোদনও চেয়েছেন। তবে সাধারণ মানুষের জন্য তাঁর পরামর্শ, বাড়ির প্রতিটি কক্ষে ও ছাদে গাছ লাগানো উচিত। তাতে ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহ বাড়বে। আর ভবিষ্যৎ প্রজন্মও সুস্থভাবে বেড়ে উঠবে। পুরো দেশ ভালো থাকবে।