এই শিশুটির কী অপরাধ, প্রশ্ন জাফরুল্লাহর

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার এতটাই দেউলিয়া যে কাউছার-আনসার আলীর মতো সাধারণ ড্রাইভারও আজ গুম হয়ে যান।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক সংগ্রাম দল নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাফরুল্লাহ এ কথা বলেন।
বক্তব্য দেওয়ার সময় মানববন্ধনে আসা গুমের শিকার কাউছারের শিশুকন্যা লামিয়া আক্তারকে দেখিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এই নিষ্পাপ শিশুর কী অপরাধ? কেন তার বাবাকে সে কাছে পাবে না? তার বাবাকে তার কাছে ফিরিয়ে দেওয়া রাষ্ট্র ও সরকারের দায়িত্ব।’ তিনি আরও বলেন, গুম-খুন করে উন্নয়নের পক্ষে সাফাই গাওয়া হাস্যকর ছাড়া অন্য কিছুই নয়।
প্রধানমন্ত্রীর ভাষণকে জনগণের সঙ্গে তামাশা আখ্যা দিয়ে গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠাতা বলেন, শুধু ভাষণ দিয়ে দেশ স্বাধীন ও উন্নয়ন হয় না। জনগণের পাশে দাঁড়াতে হয়।
সংগঠনের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম প্রমুখ। গুম হওয়া চালক কাউছারের স্ত্রী মিনু আক্তারও এ সময় উপস্থিত ছিলেন।