এই শ্রম আইন শ্রমিকের সঙ্গে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইন সংশোধন নিয়ে বাগাড়ম্বরের পর পর্বতের মূষিক প্রসব হয়েছে। বাস্তবে এতে মালিকের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের চাকরির নিরাপত্তা আরও খর্ব হয়েছে। এ আইনের সংশোধনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
গতকাল শনিবার ‘শ্রম (সংশোধন) আইন, ২০১৩ এবং শ্রমিকের গণতান্ত্রিক অধিকার’ বিষয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনের প্রগতি সম্মেলনকক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এ সেমিনারের আয়োজন করে।
সভাপতির বক্তব্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, দেশে শ্রমিকের জবাবদিহি আছে, মালিকের নেই।
শ্রম আইন সংশোধনের মাধ্যমে সরকার শ্রমিকদের একটা ধাপ্পা দিল—আলোচনায় এ অভিযোগ করেন সিপিবির নেতা মনজুরুল আহসান খান। তিনি বলেন, মালিকেরা ট্রেড ইউনিয়ন চান না, সরকার মালিকদের এবং বিদেশিদের খুশি করার ব্যবস্থা করেছে।
শ্রমিকনেতা শহীদুল্লাহ চৌধুরী বলেন, শ্রমিকদের চাকরির নিরাপত্তা আরও খর্ব করা হলো। এ আইন শ্রমিকের সঙ্গে প্রতারণার শামিল।
শ্রমিকের সংজ্ঞা পাল্টে ফেলার নিন্দা করে প্রবীণ শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান বলেন, এ আইন সুস্থধারার ট্রেড ইউনিয়নের পরিপন্থী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রমিকনেতা রাজেকুজ্জামান রতন। বিজ্ঞপ্তি।