জাতীয় নারী উন্নয়ন নীতি নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে নারী ও মানবাধিকার আন্দোলনকর্মী বেলা নবীর উপস্থিতি জরুরি ছিল।গতকাল মঙ্গলবার নারী ও মানবাধিকারকর্মী বেলা নবীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। তাঁর হাতে গড়া সংগঠন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ছায়ানট সংস্কৃতি-ভবনে ওই সভার আয়োজন করে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘জীবনে যত নেতিবাচক অভিজ্ঞতাই থাকুক না কেন, যত কষ্টই হোক না কেন, ভালো ও শুভর প্রতি আস্থাবানদের দলে ছিলেন বেলা নবী।’নারীনেত্রী মালেকা বেগম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদকে তিল তিল করে গড়ে তোলায় তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।বেলা নবীর মেয়ে চিকিৎসক নাহিদ নবী বলেন, তাঁর মা হিজাব পরে, রিকশায় বাড়তি পর্দা লাগিয়ে স্কুলে যেতেন। সেই মা একদিন নারী ও মানবাধিকার আন্দোলনে অগ্রপথিক হিসেবে আবির্ভূত হন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলা নবীর স্বামী ও বাম রাজনৈতিক সংগঠক মোহাম্মদ নবী। স্মৃতিচারণা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সেলিনা খালেক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লক্ষ্মী চক্রবর্তী, কর্মজীবী নারীর রেখা সাহা, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, মাকসুদা আখতার প্রমুখ।সভার শুরুতে বেলা নবীর স্মৃতির উদ্দেশে নির্মিত প্রামাণ্যচিত্র আমাদের বেলা আপা প্রদর্শিত হয়।