এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি অবান্তর: শিক্ষামন্ত্রী
বাংলাদেশে করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিকে অবান্তর বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, করোনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের কম না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বিজ্ঞানসম্মত নয়।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত ‘ক্র্যাব শিক্ষাবৃত্তি ২০২১’ অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে শামস-সন্ধ্যা ট্রাস্টের সহযোতিগায় ক্র্যাবের প্রয়াত ও অসচ্ছল সদস্যদের ১০ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি বাবদ ৫ হাজার টাকা করে দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এ বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
করোনা মহামারির মধ্যে শিক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ নেওয়া হয়ে থাকে বলে জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, করোনা রোগী শনাক্তের হার ৫ শতাংশ বা তার কমে না নামা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্যসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়। দেশে এখন সংক্রমণের হার প্রায় ২৪ শতাংশ। কোনো কোনো জেলায় সংক্রমণ ৫০ শতাংশ বা তারও ঊর্ধ্বে। এই সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি আদৌ যৌক্তিক কি না, তা ভেবে দেখার দরকার আছে।
দীপু মনি বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলো বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করেছিল। তারা খোলার পরে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। উন্নত দেশগুলো যেখানে শ্রেণি সাইজ ২০–২৫ জনের বেশি নয়। আমাদের এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গায়ে গায়ে লেগে বসে থাকে। সেখানে খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছরের সিদ্ধান্ত আমরা শিগগিরই জানাব। কী পদ্ধতি আমরা করব—সবকিছুই আমরা জানাব। তবে শিক্ষার্থী–অভিভাবকসহ সবাইকে বলব, উদ্বিগ্ন হবেন না। বৈশ্বিক সংকট চলছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন সারা বিশ্বেই ব্যত্যয় ঘটেছে।
আমাদের এখানেও কিছুটা ঘটেছে। কিন্তু তাদের যাতে দীর্ঘ মেয়াদে কোনো ক্ষতি না হয়ে যায়, তার জন্য সর্বোচ্চ নজর রাখছি। আমরা কেভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ গ্রহণ করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি।’
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।