এই সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসবে বিশ্বাস করতে পারছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘এই সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসবে, সে বিশ্বাস আর করতে পারছি না। অথচ, পার্বত্য চুক্তির মাধ্যমে এই অঞ্চলের নারীদের সম-অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল।’আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। ‘নারীর সম্পৃক্ততায় গড়ে উঠুক সম্ভাবনাময় ভবিষ্যৎ’, ‘আদিবাসী জুম্ম নারীর হোক সহিংসতামুক্ত জীবন’ ও ‘নারীর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন জোরদার করুন’ স্লোগানে এ নারী সমাবেশের আয়োজন করা হয়।রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এ নারী সমাবেশের আয়োজন করে। সন্তু লারমা আরও বলেন, চুক্তি বাস্তবায়িত না হওয়ায় যে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে, তাতে পার্বত্য চট্টগ্রামের নারী-পুরুষ কেউ নিরাপদ নয়। গত ১৪ বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সরকারই চুক্তি বাস্তবায়ন করেনি। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি বাস্তবায়নে পুরুষের পাশাপাশি নারীদেরও অধিকতরভাবে আন্দোলনে এগিয়ে আসতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা বলেন, সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে দুই দশকেরও বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামের নারীরা যেভাবে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, এবার পার্বত্য চুক্তি বাস্তবায়নে সেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা বলেন, নিজেদের অধিকার আদায়ে নারীদের আরও সচেতনভাবে এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহসভাপতি জয়তি চাকমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারী অধিকারকর্মী সুস্মিতা চাকমা, জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, যুব সমিতির রাঙামাটি জেলা সভাপতি সুনির্মল দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ঋতি চাকমা প্রমুখ।